ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের মানোন্নয়ন সম্ভব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিকতায় জবাবদিহি নিশ্চিতকরণ ও পেশাগত মানোন্নয়নে ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের বিকল্প নেই। সেই জন্য ওয়েজ বোর্ড বাস্তবায়নে সারা দেশের সাংবাদিকদের একযোগে কাজ করতে হবে।

গতকাল বৃহস্পতিবার বান্দরবানের সাংবাদিকদের সঙ্গে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতাদের ‘গ্রামীণ সাংবাদিকতা ও ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন’ শীর্ষক এক মতবিনিময় সভায় সাংবাদিকেরা এ কথা বলেন।

বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান ও বিশেষ অতিথি ছিলেন ডিইউজের সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক শাবান মাহমুদ। আরও বক্তব্য দেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি ওসমান গণি, সাবেক সভাপতি এ কে এম জাহাঙ্গীর, প্রথম আলো জেলা প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক প্রমুখ।

বান্দরবানের সাংবাদিকেরা বলেন, পার্বত্য চট্টগ্রামের জনমিতিক বৈচিত্র্য ও ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে মুদ্রণ ও বৈদ্যুতিক গণমাধ্যমের প্রধান দপ্তরে যাঁরা কাজ করেন, তাঁদের ধারণা বা জ্ঞান কম। সেই জন্য এ অঞ্চলের বাস্তবতাকে এ অঞ্চলের মতো করে তোলা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এ প্রতিবন্ধকতা দূর করতে হলে প্রতিটি গণমাধ্যমের প্রধান দপ্তরে সমতল অঞ্চলের আদিবাসীদের একীভূত করে পার্বত্য চট্টগ্রাম ডেস্ক থাকা দরকার, যেখানে পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে ওয়াকিবহাল একজনের দায়িত্বে থাকবে।

সভায় ডিইউজের নেতারা বলেছেন, সাংবাদিকদের পেশাগত কাজে আরও বেশি দায়িত্বশীল হতে হবে। এ লক্ষ্যে সবাইকে ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কারণ ন্যূনতম আর্থিক সহযোগিতা দেওয়া না হলে সাংবাদিকদের জবাবদিহি ও পেশাগত দক্ষতা অর্জন করা সম্ভব নয়। যে গণমাধ্যম ওয়েজ বোর্ড মেনে চলবে না, সেখানে কাজ না করার সিদ্ধান্ত নিতে হবে এবং যে সাংবাদিক ওয়েজ বোর্ডের বাইরে কাজ করবেন, তাঁকেও বয়কট করার সময় এসেছে বলে ডিইউজের নেতারা মত প্রকাশ করেন।