ওয়েজবোর্ড নিয়ে সিদ্ধান্তের আগে আলোচনার অনুরোধ নোয়াবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েজবোর্ডের রোয়েদাদ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সঙ্গে আলোচনা করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

আজ বৃহস্পতিবার নোয়াবের এক বিবৃতিতে এই অনুরোধ জানানো হয়।

বিবৃতিটি নিচে হুবহু দেওয়া হলো—

‘২০১২ সালের ১৬ মে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াবের সদস্যদের সভায় তিনি কর্মীদের আয়করসহ সংবাদপত্রের সুবিধা-অসুবিধাগুলো বিশেষভাবে বিবেচনা করার আশ্বাস দিয়েছিলেন। সংবাদপত্রশিল্পের বিষয়ে প্রধানমন্ত্রীর সহানুভূতিশীল মনোভাবে উত্সাহিত হয়েই সরকার গঠিত অষ্টম ওয়েজবোর্ডে নোয়াবের প্রতিনিধি হিসেবে আমরা কয়েকজন বিভিন্ন সভায় অংশ নিয়েছি।

‘কিন্তু অষ্টম ওয়েজবোর্ডের চেয়ারম্যান নোয়াবের পক্ষের ওয়েজবোর্ডের সদস্যদের সম্মতি না নিয়ে শুরুতেই ৫০ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেন। এরপর আবারও তথ্যমন্ত্রীর কাছে অষ্টম ওয়েজবোর্ডের চেয়ারম্যান অষ্টম ওয়েজবোর্ড বেতনকাঠামো জমা দিয়েছেন এবং পরবর্তী সময়ে মন্ত্রিসভায় তা নীতিগতভাবে গৃহীতও হয়েছে, যা গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হয়েছে।

‘কিন্তু ওয়েজবোর্ডের চেয়ারম্যান তথ্যমন্ত্রীর কাছে কী উপস্থাপন করলেন, তার কিছুই আমরা জানি না। ওয়েজবোর্ডের পক্ষে কোনো প্রস্তাব সরকারের কাছে উপস্থাপন করার আগে তা সদস্যদের জানানো, একবার চূড়ান্ত আলোচনা করা নিয়মের মধ্যে পড়ে এবং তা সদস্যদের অধিকারও বটে। এভাবে ওয়েজবোর্ডের চেয়ারম্যানের পক্ষ থেকে এককভাবে রোয়েদাদ ঘোষণা একটা নজিরবিহীন ঘটনা।

‘শ্রম আইন ২০০৬-এর ১৪৪, ১৪৫ ও ১৪৬ ধারা বিশ্লেষণ করলেই বোঝা যায়, চেয়ারম্যানকে এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেওয়া হয়নি। সব ক্ষেত্রেই সমন্বিত সিদ্ধান্তের বিষয়টিই এসেছে। বোর্ডকে অধিকার দিয়েছেন, একক কাউকে নয়। সাংবাদিকপক্ষ ও আমরা মালিকপক্ষ একমত হতে না পেরে ওয়েজবোর্ডের চেয়ারম্যানকে সবার পক্ষে একটি প্রস্তাব তৈরি করতে অনুরোধ করেছিলাম। কিন্তু তার অর্থ এই নয় যে, আমাদের সঙ্গে সভা না করে বা না জানিয়ে বোর্ডে কোনো আলোচনা না করে সরকারের কাছে উপস্থাপন করবেন।

‘এভাবে অষ্টম ওয়েজবোর্ডের সদস্যদের সম্পূর্ণভাবে এড়িয়ে বা না জানিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। চূড়ান্ত প্রস্তাবগুলো আমাদের জানানো হচ্ছে না। এতে করে ওয়েজবোর্ডের কোনো কার্যকারিতা থাকে না। এটা গ্রহণযোগ্য পদ্ধতিও নয়।

‘অষ্টম ওয়েজবোর্ড বাস্তবায়নের সুপারিশ-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কাছে আমাদের বিস্তারিত মতামত লিখিতভাবে জানিয়েছি। তার পরও আমাদের কোনো মতামত বা যুক্তি বিবেচনায় না নিয়েই সরকার অষ্টম ওয়েজবোর্ড রোয়েদাদ ঘোষণা করতে যাচ্ছে বলে জেনেছি। এভাবে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যুক্তিসংগত হচ্ছে না।

‘এমনিতেই সংবাদপত্রশিল্প এখন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। কাস্টম ডিউটি ৩ শতাংশ থেকে বৃদ্ধি করে এবার বাজেটে ১০ শতাংশ করা হয়েছে। এর ফলে সংবাদপত্রের বিপুল পরিমাণ ব্যয় বৃদ্ধি পেয়েছে। আবার আমরা জানতে পেরেছি, সরকারি বিজ্ঞাপনের হার অর্ধেক করার বিষয়ে অর্থ মন্ত্রণালয় সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এবং করপোরেশনের বিজ্ঞাপনগুলোও সরকারি রেটে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে ও তা বাস্তবায়ন করছে।

‘সামগ্রিকভাবে সরকারের এই মনোভাব সংবাদপত্রশিল্পের বিকাশের জন্য শুভ হবে না। তাই সংবাদপত্রশিল্পের বিষয়ে যেকোনো, বিশেষ করে ওয়েজবোর্ড রোয়েদাদ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে নোয়াবের সদস্যদের সঙ্গে আলোচনা করার জন্য অনুরোধ করব।

‘সংবাদপত্রশিল্পের প্রায় সব প্রতিষ্ঠানই ব্যক্তিমালিকানাধীন। অন্যান্য ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের মতো নিজেদের মতো করে বেতন-কাঠামো নির্ধারণ করার অধিকার আমাদের দেওয়া হয়নি। যদিও যৌক্তিক না, তার পরও এ পর্যন্ত সরকার ঘোষিত ওয়েজবোর্ড আমরা মেনে নিয়ে তা বাস্তবায়ন করেছি। এবারও তা করতে চাই। তবে সেই ওয়েজবোর্ডের সুপারিশ আমাদের সঙ্গে আলোচনা করে স্থির করতে হবে।

‘একই সঙ্গে নিউজপ্রিন্টের ওপর কাস্টম ডিউটি কমিয়ে শূন্য শতাংশ করা, সরকারি বিজ্ঞাপনের মূল্য বৃদ্ধি ও বিজ্ঞাপনের পরিমাণ বৃদ্ধি করা এবং সরকারি বিজ্ঞাপনের বিল দ্রুত পরিশোধ করার জোর দাবি জানাচ্ছি।’

বিবৃতিতে সই করেন নোয়াবের সদস্য মাহবুবুল আলম, আনোয়ার হোসেন মঞ্জু, এ এম এম বাহাউদ্দিন, মাহফুজ আনাম, এ কে আজাদ, মতিউর রহমান চৌধুরী, মোজাম্মেল হক, রিয়াজউদ্দিন আহমেদ, মতিউর রহমান, এ এস এম শহিদউল্লাহ খান, এম এ মালেক, মোয়াজ্জেম হোসেন, তসলিম উদ্দিন চৌধুরী ও আলতামাস কবীর।