ওয়েবসাইটে মেয়র প্রার্থীদের জন্য ভোটারদের ইশতেহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দুটি সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অংশ নিচ্ছেন ৩৬ জন প্রার্থী। ইতিমধ্যে তাঁরা নিজ নিজ ইশতেহার নিয়ে ভোটারদের আকৃষ্ট করতে মাঠে নেমেছেন। ঢাকাকে নিয়ে নানা আশ্বাস ও স্বপ্নের কথা শোনাচ্ছেন তাঁরা।
কিন্তু নগরবাসী কেমন মেয়র চান, মেয়ররা কোন কাজগুলো আগে করবেন, তেমন একটি ইশতেহার তৈরি করছেন সাধারণ ভোটাররা। ভোটাররা ভোট দিয়ে, লিখে সেই ইশতেহার তৈরি করবেন।
আজ সোমবার ধানমন্ডিতে রবীন্দ্র–সরোবরে পাবলিকউইন্ডোবিডি.কম নামের একটি ওয়েবসাইটে গিয়ে ভোটাররা প্রার্থীদের জন্য নির্বাচনী ইশতেহার তৈরি করবেন। সেখানে তাঁরা জানাবেন, নির্বাচিত হলে মেয়রকে কি করতে হবে।
ইতিমধ্যে ওয়েবসাইটে নগরবাসী তাঁদের নানা সমস্যার কথা লিখেছেন। নিজ নিজ এলাকার সমস্যা তুলে ধরেছেন। এ ছাড়া ময়লা, ভাঙা রাস্তা, ফুটপাত দখল, গণপরিবহনের স্বল্পতা, বিনোদনের স্থানের অভাব, বাড়িভাড়াকে চিহ্নিত করেছেন তাঁরা।
ওয়েবসাইটে প্রার্থীদের প্রশ্ন করারও ব্যবস্থা রয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থীদের মধ্যে আনিসুল হক, তাবিথ আউয়াল, মাহী বি চৌধুরী, আবদুল্লাহ আল ক্বাফী ও জোনায়েদ সাকিকে প্রশ্ন করা যাচ্ছে। আর দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী সাঈদ খোকন ও মির্জা আব্বাসকে প্রশ্ন করার ব্যবস্থা আছে।