ওরসকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি
ঝালকাঠিতে গাউসুল আজম খানকা শরিফের বার্ষিক সম্মেলনকে (ওরস) কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে ২৫ সেপ্টেম্বর সকাল আটটা পর্যন্ত খানকা শরিফ ও এর আশপাশের ২০০ গজ এলাকায় ১৪৪ ধারা জারির আদেশ দেন জেলা প্রশাসক। গতকাল সন্ধ্যায় পশ্চিম ঝালকাঠির গাউসুল আজম খানকা শরিফের এ ওরস অনুষ্ঠানের কথা ছিল। এলাকাবাসী সূত্রে জানা গেছে, শহরের পশ্চিম ঝালকাঠি এলাকায় প্রতিবছরের মতো এবারও গাউসুল আজম খানকা শরিফে বার্ষিক সম্মেলনের নামে ওরসের আয়োজন করেন স্থানীয় মো. ইসমাইল হোসেন ও তাঁর অনুসারীরা। প্রতিবছরই এ সম্মেলন প্রতিহত করার ঘোষণা দিয়ে বিভিন্ন কর্মসূচি দেন স্থানীয় এনএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদের সভাপতি মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী ও তাঁর অনুসারীরা। ওরসের নামে অশ্লীলতা ও মাদকের আসর বন্ধের দাবিতে এনএস কামিল মাদ্রাসার ছাত্ররা এবং মরহুম কায়েদ সাহেব হুজুরের অনুসারীরা গতকাল সকাল থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। বিক্ষোভকারীরা সকাল আটটা থেকে তিন ঘণ্টা ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় তাঁরা খানকার পার্শ্ববর্তী ওই সড়কে অবস্থান নিলে দুই পাশে বরিশাল, পিরোজপুর ও খুলনাগামী শতাধিক যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের অবরোধ তুলে নিতে অনুরোধ করে। এ সময় অবরোধকারীদের সঙ্গে পুলিশের বাগিবতণ্ডা হয়। ঝালকাঠির নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম আল-আমিন ঘটনাস্থলে গিয়ে ওরস আহ্বানকারী ও প্রতিহতকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নিতে অনুরোধ করলে বেলা ১১টায় অবরোধ তুলে নেওয়া হয়। কিন্তু মরহুম কায়েদ সাহেব হুজুর ও তাঁর ছেলে মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ খলিলুর রহমানের অনুসারীরা যেকোনো মূল্যে ওরস প্রতিরোধ করার ঘোষণা দেন এবং জুমার নামাজের পর বড় ধরনের বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন। পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠকে বসেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। বৈঠকে গাউসুল আজম খানকা শরিফ ও আশপাশের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করে ওই এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ, কোনো প্রকার শব্দযন্ত্র ও মাইক ব্যবহার এবং ঢাক-ঢোল বাজানো ও নাচ-গান নিষিদ্ধ ঘোষণা করেন জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস। ঝালকাঠির পুলিশ সুপার মো. মজিদ আলী বলেন, পরিস্থিতি মোকাবিলার জন্য পশ্চিম ঝালকাঠিতে শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে।