ওরা এখন স্কুলের পথে
ছেলেমেয়েরা লেখাপড়া করবে, তাই চা-শ্রমিক শুভলাল রবিদাস নিজেদের থাকার ঘরটিই ছেড়ে দিলেন স্কুলের জন্য। এখন ছুটি ছাড়া প্রতিদিন মাটির এই ঘরটি শিশুদের বর্ণমালা পাঠে মুখর হয়ে উঠছে। ছড়া, গান আর শব্দ তৈরির খেলা চলছে শিশুদের। এই স্কুলটি চালুর আগে যে শিশুরা পথে পথে ঘুরে বেড়াত, লেখাপড়া কাকে বলে জানত না। তারা এখন সকাল হলেই ছুটছে স্কুলের দিকে। মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মাথিউরা চা-বাগানে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইউনিসেফের সহযোগিতায় পরিচালিত শিশুর বিকাশে প্রারম্ভিক শিক্ষাপ্রকল্পের চা-বাগান এলাকায় চলমান প্রাক-প্রাথমিক শিক্ষাকার্যক্রমের একটি শিক্ষাকেন্দ্রের চিত্র এটি।রাজনগর উপজেলার মাথিউরা চা-বাগানের ৯ নম্বর সেকশনের একটি টিলার ওপর এই শিক্ষাকেন্দ্রটি। গত রোববার দুপুরে চা-বাগানে গিয়ে দেখা গেছে, মাটির ঘরে আবছা আলোর মধ্যে শিশুরা পড়ায় মগ্ন। মেঝেতে কাপড়ের চাদরে সারিবদ্ধভাবে বসে আছে ছয় বছরের কম বয়সী শিশুরা। চা-বাগানের টিলার উঁচু-নিচু পথ বেয়ে কেন্দ্রের দিকে এগিয়ে যাওয়ার পথেই শোনা গেল শিশুদের সশব্দ পাঠ। নিজেদের পরিচয় দিয়েই শুরু হয় পাঠের সকাল। সেই পরিচিতি প্রদানের ধরনটিও অন্য রকম। একজন হয়তো বলল, আমার নাম ঊর্মিলা গৌর, তোমার নাম কী...। পরেরজন একইভাবে তার নাম বলে অন্যের নাম জিজ্ঞেস করে। এরপর চলে পাঠদানের নানা রকম আয়োজন। অক্ষর দিয়ে শব্দ তৈরি, গান...। স্কুলের সময়টিকে আনন্দঘন করতে আছে পুুতুল নিয়ে খেলা। স্কুলের জন্য ঘরদানকারী চা-শ্রমিক শুভলাল রবিদাস বলেন, ‘আমরা এ ঘরে থাকতাম। আশপাশে কোনো স্কুল ছিল না। বাচ্চা-কাচ্চার পড়ার কোনো ব্যবস্থা ছিল না। তাই স্কুলের জন্য ঘরটা দিলাম। আমরার থাকার অসুবিধা হয়। কিন্তু বাচ্চা-কাচ্চার লেখাপড়া তো দরকার।’ শিক্ষাকেন্দ্রের শিক্ষক শীলা রানী গৌর প্রথম আলোকে বলেন, ‘ধারে-কাছে কোনো স্কুল নেই। এরা সকাল হলে পথে পথে ঘুরত। মা-বাবা কাজে চলে যান। তাদের কিছু করার ছিল না। এখন স্কুলটি হওয়ায় স্কুলটির প্রতি তাদের অনেক টান। ওরা সকালবেলা আমাদের আগেই স্কুলে চলে আসে। আমরা সময়মতো আসি। কিন্তু ওরা তার আগেই বাসায় গিয়ে বলবে, দিদিমণি দেরি কেন!’ মৌলভীবাজার জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. জসীম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এই শিশুরা একসময় এ রকম পড়ালেখার কথা চিন্তাও করতে পারেনি। চা-শ্রমিকদের পিছিয়ে থাকার কারণে মৌলভীবাজারে শিক্ষার হারও কম। শিক্ষার হার বাড়াতেই এই চা-বাগানে শিক্ষাকেন্দ্র চালু করা হয়েছে। আর এই কেন্দ্রটি চালু করেছি আমরা একজন চা-শ্রমিকের থাকার ঘরে। প্রকল্প সূত্রে জানা গেছে, দেশের ১১টি পিছিয়ে পড়া জেলার সঙ্গে মৌলভীবাজারেও শিক্ষার হার বাড়াতে চা-বাগান এলাকায় ২০০৮ সাল থেকে শিশুর বিকাশে প্রারম্ভিক শিক্ষাপ্রকল্প চালু করা হয়েছে। মৌলভীবাজার জেলার ২০টি চা-বাগানে শিশুর বিকাশে প্রারম্ভিক শিক্ষা প্রকল্পের ১৫৯টি কেন্দ্র চালু রয়েছে। প্রতিটি কেন্দ্রে ৩০ জন করে ছয় বছরের নিচের শিশুকে প্রাক-প্রাথমিক শিক্ষা দেওয়া হচ্ছে। এতে ১৫৯ জন শিক্ষিকা ও ৩৩ জন শিক্ষক দায়িত্ব পালন করছেন।