ওরা কারও বোঝা নয়, হতে চায় স্বাবলম্বী

তাসিন দৃষ্টিপ্রতিবন্ধী। আর নারগিস ও অরুণ বাক্প্রতিবন্ধী। কিন্তু তিনজনই দারুণ নাচে। সামিউল বুদ্ধিপ্রতিবন্ধী। কিন্তু তার গান শুনে মুগ্ধ সবাই। তামিম বাক্প্রতিবন্ধী। বয়স মাত্র ছয় বছর। অথচ মুঠোফোনের এমন কোনো প্রোগ্রাম নেই, যেটা সে দক্ষতার সঙ্গে অপারেট করতে পারে না।
এরা সবাই লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার করিমপুর নূরজাহান-সামসুন্নাহার প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী। বেসরকারিভাবে গড়ে ওঠা এ বিদ্যালয়ের শিক্ষকেরাও সর্বক্ষেত্রে প্রতিযোগিতার মাধ্যমে এসব প্রতিবন্ধী শিশুকে জীবনযুদ্ধে এগিয়ে নিয়ে যেতে চান।
২০১৫ সালের ২ ফেব্রুয়ারি ৮০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে নিয়ে যাত্রা শুরু করে এই বিদ্যালয়। বর্তমানে এখানে রয়েছে ২১১ জন প্রতিবন্ধী শিক্ষার্থী। তাদের মধ্যে বুদ্ধিপ্রতিবন্ধী ১০১, বাক্প্রতিবন্ধী ৪০, শারীরিক প্রতিবন্ধী ৬৫ ও দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী আছে ৫ জন।
সরকারি নীতিমালা অনুযায়ী, প্রতিটি প্রতিবন্ধী বিদ্যালয়ে ৭ জন শিক্ষার্থীর বিপরীতে ১ জন শিক্ষক থাকার নিয়ম থাকলেও এ বিদ্যালয়ে আছেন মাত্র ১৫ জন। তবে তাঁদের কোনো একাডেমিক প্রশিক্ষণ নেই। সমাজসেবা অধিদপ্তর থেকে পাওয়া তিন দিনের এক প্রশিক্ষণ ও নিজস্ব অভিজ্ঞতা দিয়েই এখানে চলে পাঠদান কার্যক্রম। বিদ্যালয়ে নেই পর্যাপ্ত উপকরণসামগ্রী ও খেলার মাঠ। টিনশেড ঘরে প্রচণ্ড গরমে চলে এসব শিশুর পাঠদান।
দৃষ্টিপ্রতিবন্ধী তাসিম, শারীরিক প্রতিবন্ধী রোকন ও সোহাগ বলে, তারা লেখাপড়া শিখতে চায়। কারও বোঝা নয়। স্বাবলম্বী হয়ে নিজের মতো করে বাঁচতে চায়।
সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, এ বিদ্যালয়ে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার, ভোটমারী, মদাতী ও দলগ্রাম ইউনিয়নের প্রতিবন্ধী শিক্ষার্থীরা লেখাপড়া করার সুযোগ পাচ্ছে।
প্রধান শিক্ষক জেসমিন আরা বলেন, বিদ্যালয়টি ২০১৫ সালে স্থাপিত হলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ একাডেমিক স্বীকৃতি পায়নি। তবে প্রাথমিক অনুমোদন পাওয়া গেছে। তিনি বলেন, ‘অনেক আশা নিয়ে আমরা সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে বিদ্যালয়টি চালিয়ে আসছি। বিদ্যালয়ে ভর্তি হওয়া এই অবহেলিত প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদানের মাধ্যমে সমাজের মূলধারায় যোগ্য মানুষ হিসেবে যুক্ত হতে সহায়ক ভূমিকা রাখতে চাই আমরা।’
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোশারফ হোসেন বলেন, ‘আমি একাধিকবার করিমপুর নূরজাহান-সামসুন্নাহার প্রতিবন্ধী বিদ্যালয়টি পরিদর্শন করেছি। প্রাপ্ত তথ্য ও আমার মতামত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। বিদ্যালয়টি প্রাথমিক অনুমোদন পেয়েছে।’