ওরা দৃষ্টিহীন অদম্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুমাইয়াআক্তার, রোজিনাপারভীন,বিউটি মণ্ডল
সুমাইয়াআক্তার, রোজিনাপারভীন,বিউটি মণ্ডল

ওরা তিনজন দৃষ্টিপ্রতিবন্ধী৷ কিন্তু দৃষ্টিসম্পন্ন অনেকের চেয়ে ভালো ফল করেছে৷ এবারের এসএসসি পরীক্ষায় তিনজনই জয়পুরহাটের খঞ্জনপুর মিশন বালিকা উচ্চবিদ্যালয়ের মানবিক শাখা থেকে ‘এ’ গ্রেড পেয়ে পাস করেছে৷
এই তিন শিক্ষার্থী হলো জয়পুরহাট পৌরসভার নতুনহাট এলাকার রফিকুল ইসলামের মেয়ে সুমাইয়া আক্তার ও খঞ্জনপুর এলাকার সুমন মণ্ডলের মেয়ে বিউটি মণ্ডল এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাদিরপুর গ্রামের ফয়মদ্দিনের মেয়ে রেজিনা পারভীন৷ সুমাইয়া আক্তার জিপিএ-৪.২৫, বিউটি মণ্ডল জিপিএ-৪.১৩ ও রেজিনা পারভীন জিপিএ-৪.০৬ পেয়েছে৷
রফিকুল ইসলামের দেড় শতক জায়গার ওপর বেড়ার ঘর৷ তিনি একটি বেসরকারি সিগারেট কোম্পানির সিগারেট দোকানে দোকানে সরবরাহ করে যে কমিশন পান, তা দিয়ে কোনোভাবে তিন সন্তান ও স্ত্রী নিয়ে সংসার চালান৷ সুমন মণ্ডল একসময় রিকশা চালাতেন। এখন খঞ্জনপুর উচ্চবিদ্যালয়ের পাশে রাস্তার মোড়ে পেঁয়াজু ও চা বিক্রি করেন৷ তার দুই শতক বাড়ির জমি ছাড়া আর কোনো সহায়সম্বল নেই৷ ভূমিহীন ফয়মদ্দিন অন্যের জমি বর্গা চাষ করে সংসার চালান৷
সুমাইয়া, বিউটি ও রেজিনা জানায়, তাদের লক্ষ্য স্নাতকোত্তর পাস করে ভবিষ্যতে শিক্ষক হিসেবে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো৷ তবে তাদের অভিযোগ, বিদ্যালয়ে ব্রেইল পদ্ধতিতে (প্রতিবন্ধীদের জন্য বিশেষ পদ্ধতির বই) পড়াশোনার বই পায়নি৷ পেলে ফল আরও ভালো হতো৷ তবে বিদ্যালয়ের ব্রেইল পদ্ধতির ওপর প্রশিক্ষণপ্রাপ্ত দুই শিক্ষক আইরিন পারভীন ও রুৎকল্যাণীর প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করে৷
আইরিন পারভীন জানান, তিনিসহ দুজন শিক্ষক ভারতের চেন্নাই থেকে প্রশিক্ষণ নিয়ে এলেও সরকার থেকে ব্রেইল পদ্ধতির কোনো বই বা সুযোগ-সুবিধা পাননি৷ প্রচলিত বই থেকে তাদের পড়ানো হয়েছে৷ সপ্তম শ্রেণির তিন শিক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে তাদের লেখনীতে সাহায্য করে৷ ব্রেইল পদ্ধতির বই পেলে তারা আরও ভালো ফল করত। আইরিন পারভীন আরও জানান, তাঁদের বিদ্যালয়ে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত আরও ১০ জন দৃষ্টিপ্রতিবন্ধী পড়াশোনা করছে৷
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান চন্দ্র জানান, তিন মেয়ে দৃষ্টিপ্রতিবন্ধী হলেও তারা যেমন পড়াশোনায় ভালো, আবার তাদের নিজেদের ওপর প্রচণ্ড আত্মবিশ্বাস ছিল৷ এ কারণে তারা ভালো ফল করেছে৷ তারা এখন আর মা-বাবার বোঝা নয়৷