ওরা পরীক্ষাকেন্দ্রে যেতে পারল না

বাবার সঙ্গে মোটরসাইকেলে চেপে এসএসসি পরীক্ষার কেন্দ্রে যাচ্ছিল মোস্তাফিজুর রহমান। একই মোটরসাইকেলে ছিল মোস্তাফিজুরের সহপাঠী রাকিব হোসেন। তাদের আর পরীক্ষাকেন্দ্র পর্যন্ত যাওয়া হয়নি। ট্রাকচাপায় তারা তিনজনই নিহত হয়েছে। রাজশাহী-নাটোর মহাসড়কে পুঠিয়া উপজেলার তারাপুর এলাকায় আজ সোমবার সকাল নয়টার দিকে ঘটনাটি ঘটেছে।
নিহত বাবা আবদুল মোমিনের (৪০) বাড়ি উপজেলার হলদারপাড়া গ্রামে। একই মোটরসাইকেলে ছিল তাঁর ছেলে মোস্তাফিজুর রহমান (১৬) ও পুঠিয়া সদরের হাবিল উদ্দিনের ছেলে রাকিব হোসেন (১৬)। দুজনই পুঠিয়া পিএন উচ্চবিদ্যালয়ের ছাত্র ছিল। তারা মোটরসাইকেলে চেপে উপজেলার বানেশ্বর উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছিল।
রাজশাহীর পবা হাইওয়ে পুলিশ ফাঁড়িটি পুঠিয়া উপজেলার এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কের পাশে। এই ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, তারাপুর এলাকায় একটি ট্রাক ধাক্কা দেয় মোটরসাইকেলকে। এতে তারা সড়কে ছিটকে পড়ে গাড়ির নিচে চাপা পড়ে। এ সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বেলা পৌনে একটার দিকে তাদের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।