ওরা পেল স্যালুট, বই আর চাকরির নিশ্চয়তা

কুষ্টিয়ার হরিজন সম্প্রদায়ের সেই তিন মেয়েকে স্যালুট জানিয়েছেন বেসরকারি সংস্থার এক কর্মকর্তা। জেলা প্রশাসক তাদের হাতে একাদশ শ্রেণির এক সেট করে বই তুলে দিয়েছেন। কলেজ থেকে মাসিক বৃত্তি ও পড়াশোনা শেষে তাদের চাকরির আশ্বাসও দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার কুষ্টিয়ার জেলা প্রশাসকের কার্যালয়ে তাদের সম্মাননা জানানো হয়।
ওই তিন মেয়ের নাম ঝিনুক রানী বিশ্বাস, প্রতিমা রানী বিশ্বাস ও প্রিয়া রানী বিশ্বাস। বর্তমানে তারা কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের একাদশ শ্রেণিতে পড়ছে।
সন্ধ্যা হলে কুষ্টিয়া শহরের সুইপার কলোনির শিশুরা যখন ঘুমাতে যেত, মেয়ে তিনটি তখন পড়তে বসত। তারা এ বছরের এসএসসি পরীক্ষায় কুষ্টিয়া শহরের মিল লাইন মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে ‘এ’ গ্রেড পেয়েছে। এ নিয়ে ১৪ জুলাই প্রথম আলোয় ‘আঁধার ঘরে এক ফালি আলো’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন প্রথম আলোকে বলেন, গত সোমবার তিনি সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকে প্রথম আলোতে প্রকাশিত ওই প্রতিবেদনটি দেখেন। রাতেই তিনি মেয়ে তিনটির সঙ্গে যোগাযোগ করে মঙ্গলবার সকালে তাঁর কার্যালয়ে আমন্ত্রণ জানান।
বেলা ১১টার দিকে তিন মেয়ে স্যান্ডেল খুলে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ করতে গেলে জেলা প্রশাসক তাদের স্যান্ডেল পরে ঢুকতে বলেন। তিনি মেয়েদের বলেন, ‘আজ থেকে তোমরা শুধু জেলার সর্বোচ্চ কর্মকর্তার কার্যালয়ে স্যান্ডেল পরেই প্রবেশ নয়, এই চেয়ারে বসার জন্য পড়াশোনা করবে। তোমরা আগামীতে দেশ পরিচালনা করবে। তোমরা মানুষ—এই পরিচয়ে বড় হবে।’
এরপর জেলা প্রশাসক তাঁর সম্মেলনকক্ষে মেয়েদের নিয়ে যান। সেখানে তিনি বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) সভায় তিন মেয়েকে পরিচয় করিয়ে দিয়ে তাদের কৃতিত্বের কথা তুলে ধরেন। এ সময় ব্র্যাকের কর্মকর্তা মোতাহার হোসাইন দাঁড়িয়ে তাদের স্যালুট করেন। অন্যরাও হাতে তালি দিয়ে তাদের স্বাগত জানান।
জেলা প্রশাসক তিনজনের হাতে একাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের এক সেট করে বই তুলে দেন এবং তাদের বিনা খরচে পড়ার জন্য কোচিং সেন্টারেও ভর্তি করিয়ে দেওয়ার আশ্বাস দেন। সভা থেকেই তিনি কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষের সঙ্গে আলাপ করে তিনজনকে প্রতি মাসে এক হাজার টাকা করে বৃত্তি দেওয়ার সুপারিশ করেন। অধ্যক্ষ তাদের বৃত্তি দেওয়ার আশ্বাস দেন। তিন মেয়ের নামে সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখায় আলাদা ব্যাংক হিসাব খুলে দেন। এ সময় একটি এনজিওর পরিচালক মমতাজ আরা তাদের প্রত্যেককে তাৎক্ষণিক ৫০০ টাকা করে তুলে দেন।
এদিকে সম্মাননা পাওয়ার পর তিন মেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে। ঝিনুক রানী বিশ্বাস বলে, ‘আমরা কোনো দিন ভাবতেও পারিনি এমন সম্মাননা ও সহযোগিতা পাব। এসবই প্রথম আলোর জন্য হয়েছে।’