ওরা ফিরতে চায় পরিবারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাদের এই বয়সে পরিবারের সঙ্গে থাকার কথা, তবে আজ বিচ্ছিন্ন। প্রত্যেকেই অপরাধী না, অনেকে ষড়যন্ত্রের শিকার।’ কথাগুলো গাজীপুরের টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রের এক নিবাসীর। সে জানায়, মাদক উদ্ধারের অভিযোগে সে এখন এখানে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে কাছে পেয়ে এমন অভিব্যক্তি জানায় ওই কিশোর। গতকাল বৃহস্পতিবার আকস্মিক পরিদর্শনে ওই উন্নয়ন কেন্দ্রে যান প্রধান বিচারপতি। এর আগে গাজীপুরের কোনাবাড়ীতে অবস্থিত কিশোরী উন্নয়ন কেন্দ্র পরিদর্শন করেন তিনি।
সমাজসেবা অধিদপ্তরের কিশোর ও কিশোরী এ দুই উন্নয়ন কেন্দ্র পরিদর্শনকালে প্রধান বিচারপতি সেখানকার নিবাসীদের সঙ্গে কথা বলেন। আইনের সংঘাতে জড়িত ও সংস্পর্শে আসা এসব শিশু ও কিশোর-কিশোরীর অবস্থা ও সমস্যার কথা শোনেন তিনি। পাশাপাশি তাদের মামলার বিষয়েও খোঁজখবর নেন।
প্রধান বিচারপতি কিশোর উন্নয়ন কেন্দ্রের ডরমেটরি পরিদর্শনকালে আরেক নিবাসী বলে, ‘আসছে ২ ফেব্রুয়ারি আমার এসএসসি পরীক্ষা। পরীক্ষা দিতে চাই, মাদকের মামলার কারণে এখন এখানে।’ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘তুমি অবশ্যই পরীক্ষা দিতে পারবে।’ অপর কক্ষের এক নিবাসী তার মাথা ও হাত দেখিয়ে বলে, ‘রাজমিস্ত্রির কাজ করতাম। স্বর্ণ চুরি করেছি বলে ধরেছে।’ পুলিশ হেফাজতে তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করে সে।
সাধারণ ডায়েরি ধরে আটক ও যারা পরীক্ষা দেবে এমন নিবাসীদের বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন প্রধান বিচারপতি। পরিদর্শনকালে প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) মো. সাব্বির ফয়েজ।
এর আগে সকাল পৌনে ১০টায় কিশোরী উন্নয়ন কেন্দ্রে পৌঁছান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। প্রথমে তিনি প্রশাসনিক ভবন, পরে ডরমেটরিসহ বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।
কেন্দ্রটির শিক্ষা কার্যক্রমে প্রথম শ্রেণিতে পড়ুয়া এক নিবাসী বলে, ‘এখানে আমার ভালো লাগে না।’ আরেকজন বলে, ‘বাবার সঙ্গে ট্রেনে উঠতে গিয়ে হারিয়ে গেছি। বাড়ি কুমিল্লা, বাবা রিকশা চালাত।’ এর বেশি কিছু মনে করতে পারেনি সে।
দুই উন্নয়ন কেন্দ্র পরিদর্শনকালে প্রধান বিচারপতি নিবাসীদের মামলার বৃত্তান্ত সরবরাহ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। কিশোর উন্নয়ন কেন্দ্রের তথ্য অনুসারে, আইনের সংঘাতে জড়িত বা আইনের সংস্পর্শে ৪১১ জন নিবাসী রয়েছে কেন্দ্রে। বেশির ভাগের বিরুদ্ধেই রয়েছে নারী ও শিশু নির্যাতনের মামলা। কিশোরী উন্নয়ন কেন্দ্রের তথ্য অনুসারে, কেন্দ্রে নিবাসীর সংখ্যা ১০৯। এর মধ্যে ১১ জন ৯ বছরের নিচে। অন্যরা ৯ থেকে ১৮ বছরের মধ্যে।