ওরা ফিরে গেল আপন ঠিকানায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বন্য প্রাণী সেবাশ্রমে চিকিৎসা আর যত্নে প্রাণীগুলো সুস্থ হয়ে উঠেছিল কিছু দিন আগেই। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে খাঁচার বন্দী জীবন থেকে ওদের মুক্ত হওয়ার কথা ছিল। ফিরে যাওয়ার কথা ছিল আপন ঠিকানায়, বনে। কিন্তু হরতালের কারণে সেদিন ওদের বনে ফিরিয়ে দেওয়া যায়নি।জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ গতকাল বুধবার দুপুরে তাদের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ছেড়ে দিয়েছেন। বনে ফিরিয়ে দেওয়া প্রাণীগুলোর মধ্যে রয়েছে একটি অজগর, দুটি গুইসাপ, একটি মেছোবাঘ, একটি ঈগল, একটি কচ্ছপ এবং একটি বনবিড়াল, ১০০টি কাঁকড়া ও পাঁচ কেজি বাইনমাছ।পাশাপাশি প্রাণীদের খাদ্যের জন্য লাউয়াছড়া বনের পাহাড়ি ছড়ায় (খাল) ছাড়া হয়েছে পাঁচ কেজি বাইনমাছ। বনের বিভিন্ন স্থানে লাগানো হয়েছে আমলকী, হরীতকী, জাম, কাঁঠাল, জলপাই, বহেড়া, বটসহ বিভিন্ন প্রজাতির ফলদ গাছ।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার (এসপি) মো. হারুন অর রশিদ, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়েজ আহাম্মদ, বন্য প্রাণী সেবাশ্রমের প্রতিষ্ঠাতা সিতেশ রঞ্জন দেব, মৌলভীবাজারের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কাজী মো. নুরুল করিম, লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা এ কে এম আজহারুল ইসলাম প্রমুখ।সিতেশ রঞ্জন দেব জানান, অবমুক্ত করা অজগরটি গত ১৯ মে হবিগঞ্জের পারকুল চা-বাগানের শ্রমিকদের হাতে ধরা পড়ে। একই জেলার আমু চা-বাগানের শ্রমিক রামকুমার গত ৬ মে লজ্জাবতী বানরটিকে ধরে সেবাশ্রমে দিয়ে যান। ১৯ মে মৌলভীবাজারের রাজনগর উপজেলার দাশের পাড়া গ্রাম থেকে একটি গুইসাপ এবং ১৮ মে শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা-বাগান থেকে একটি গুইসাপ উদ্ধার করা হয়েছিল। এ ছাড়া উপজেলার সাঁইটোলা গ্রাম থেকে বনবিড়াল এবং গত বছরের ১২ ফেব্রুয়ারি বরুণা গ্রামের মোখলেছুর রহমানের হাঁসের খামার থেকে মেছোবাঘটি উদ্ধার করা হয়েছিল। মেছোবাঘটি হাঁসের খামারের অর্ধশতাধিক হাঁস খেয়ে ফেলায় খামারির রোষানলে পড়ে মারাত্মকভাবে আহত হয়েছিল।