ওরা বই আনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিদিন বইমেলার শুরুতে দোয়েল চত্বর থেকে বই নিয়ে আসে শিশুরা।  ছবি: প্রথম আলো
প্রতিদিন বইমেলার শুরুতে দোয়েল চত্বর থেকে বই নিয়ে আসে শিশুরা। ছবি: প্রথম আলো

অগণিত শিশুর উপস্থিতিতে গতকাল শুক্রবার বইমেলার প্রথম প্রহরটা দারুণ জমজমাট ছিল। ছোটরা এসেছে বড়দের হাত ধরে। ইচ্ছেমতো ঘুরে বেড়িয়েছে। নতুন বইয়ের আবদার করে তা আদায় করেছে। এর মাঝে কয়েকজন শিশু-কিশোরের ব্যতিক্রম উপস্থিতি দেখা গেছে। ওরা মেলা থেকে বই নিয়ে আসেনি, বই বয়ে নিয়ে গেছে মেলায়। ওরা সাদ্দাম, রতন, মিন্টু, মানিক, লাবুসহ আরও কয়েকজন। সুবিধাবঞ্চিত বা পথশিশু হিসেবেই পরিচিতি যাদের।
এই দৃশ্য প্রতিদিনই দেখা যায়। মেলা শুরুর ঠিক আগে আগে হাজির হয় ওরা। দোয়েল চত্বর থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ওদের আসা-যাওয়া। বিয়ারিংয়ের চাকা লাগানো সাদামাটা ঠেলাগাড়ি। তাতে করেই বইয়ের বান্ডিল নিয়ে আসে মেলায়। নির্দিষ্ট স্টলে পৌঁছে দিয়ে ফিরে যায় দোয়েল চত্বর। এভাবে কয়েক দফায় চলে বই নিয়ে আসা।
বছর দশেকের সাদ্দামের ভাষায়, ‘আমরা ৫-৬ জন রেগুলার সার্ভিস দেই। পার ট্রিপ এক শ টাকা। বেশি বই অইলে দেড় শ। ডেইলি দুই-তিনটা ট্রিপ দেই।’ প্রকাশকদের স্টলে নতুন বই আনার এই কাজটা দ্রুতই শেষ করতে হয়। প্রায় আধা ঘণ্টার মতো সময় পাওয়া যায়। মেলায় লোকসমাগম শুরু হলে বই আনা বন্ধ করে দেওয়া হয়। কয়েকজন প্রকাশক জানালেন, দোয়েল চত্বর পর্যন্ত তাঁরা পিকআপ বা রিকশা ভ্যানে বই নিয়ে আসেন। গাড়ি মেলায় ঢোকে না। তাই এখান থেকে মেলায় বই আনার জন্য এসব শিশু-কিশোরের ঠেলাগাড়িই তাঁদের ভরসা।
বই বহন করলেও বই খুলে দেখা বা পড়ার সুযোগ ওদের কখনো হয় না। ‘বই পড়তে ইচ্ছে হয় না’—জানতে চাইলে চানখাঁরপুল থেকে আসা রতন বলল, ‘ইচ্ছা হইলে লাভ কী। আমাগোরে বই কিন্না দিব কেডা।’ বই ছাড়া যেমন বইমেলার কথা ভাবা যায় না, তেমনি মেলার মাঠে সেই বই আনার জন্য এই শিশুরাও অনিবার্য।