ওরা বই পড়ে মেঝেতে বসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ রুমী স্মৃতি পাঠাগারে বই পড়ছেন কয়েকজন পাঠক l ছবি: প্রথম আলো
শহীদ রুমী স্মৃতি পাঠাগারে বই পড়ছেন কয়েকজন পাঠক l ছবি: প্রথম আলো

জনা চল্লিশেক ছেলেমেয়ে। কারও বয়স ১২, কারও ১৬।
কেউ স্কুলে যায়, কেউ যায় না।
ওদের মধ্যে মিল হলো, ওরা সবাই বস্তিতে থাকে। আর ওরা সবাই পাঠাগারের সদস্য।
ওরা বই পড়ে। বই নিয়ে আলোচনা করে। ওদের মধ্যে যারা পাঠাগারে সপ্তাহে সাত দিন আসতে পারে না, তারা পাঁচ দিন আসে। যারা তা-ও পারে না, তারা তিন দিন আসে। কিন্তু আসে।
ওদের পাঠাগারটি বড় নয়। পাঠাগারে হাজার হাজার বই নেই। নেই চেয়ার-টেবিল-বেঞ্চ কিছুই।
ওদের এসব কিছুরই প্রয়োজন হয় না। ওরা বই পড়ে, মেঝেতে বসে।
নাম কড়াইল বস্তি। গায়ে গায়ে লেগে থাকা সারি সারি ঘর। কোথাও টিনের দোতলা বাড়ি। সরু রাস্তা। টং দোকান। জায়গায় জায়গায় জমে থাকা পানি, এই শীতেও। আর গিজগিজে মানুষ। এনজিওকর্মীদের অনবরত ছোটাছুটি। এটি ৪৭ একরের কড়াইল বস্তির নিত্য চেহারা।
১৪ ডিসেম্বর বিকেল চারটা নাগাদ পৌঁছে যাই কড়াইল বস্তিতে। মহাখালী ওয়্যারলেস গেট দিয়ে বেলতলী হয়ে বউবাজারের শেষ প্রান্ত। একটি মাঝারি আকারের টিনের ঘর। এই ঘরটিই শহীদ রুমী স্মৃতি পাঠাগার। দরজা খুলতেই হাত বাড়িয়ে দেন রাফসানুল এহসান। যিনি এই পাঠাগারের ‘স্যার’। আর উঠে দাঁড়িয়ে অভিবাদন জানাল উজ্জ্বল শিশুরা।
কড়াইল বস্তিতে পাঠাগার প্রতিষ্ঠার ছোট্ট গল্প আছে। লক্ষ্মীপুরের যুবক রাফসানুল ইউনিসেফের একটি প্রকল্পে চাকরিসূত্রে এই বস্তির সঙ্গে যুক্ত হন। তাঁর কাজ ছিল দরিদ্র পরিবারের সন্তানদের স্কুলগামী করা। তিন বছর পর যখন চাকরি ছেড়ে দেন, তখন অনুভব করেন আরও কী যেন ছেড়ে যাচ্ছেন তিনি। তারপর একদিন ওই শিশুদের নিয়ে আলোচনায় বসেন। যোগ দেন কয়েকজন অভিভাবকও। সিদ্ধান্ত হয়, গঠন করা হবে একটি পাঠাগার।
ছয়জন নিয়ে যাত্রা শুরু। এর মধ্যে বয়স্করা এলেন পরিচালনা কমিটিতে। তাঁদের সহায়তায় এগিয়ে এলেন একটি বামপন্থী ছাত্রসংগঠনের কর্মীরা। ভাড়া নেওয়া হলো একটি টিনের ঘর। নামকরণ হলো জাহানারা ইমামের জ্যেষ্ঠ পুত্র গেরিলা মুক্তিযোদ্ধা শহীদ রুমীর নামে। সংগ্রহ হলো ছোট একটি তাক। তাতে দশ-বিশ করে কিছু বই জমল। এখন যা বেড়ে সাড়ে তিন শ।
ভাড়া টিনের ঘর, মলিন একটি তাক, সাড়ে তিন শ বই, ঘড় ঘড় করে ঘোরা একটি সিলিং ফ্যান, এই হলো পাঠাগারের সম্বল! কিন্তু পাঠাগার ব্যবস্থাপনা কমিটির সদস্য ছায়েদুল হক মনে করেন, তাঁদের আসল সম্বল এই শিক্ষার্থীদের বিপুল উৎসাহ। তাদের বিরাট প্রচেষ্টা।
পাঠাগারের সদস্য জেএসসি ফলপ্রার্থী জাহাঙ্গীর হোসেন বলল, তার স্বপ্ন মুক্ত চিন্তার মানুষ হওয়া। এখানে এসে ইতিমধ্যে সে সূর্য সেন, ক্ষুদিরাম, প্রীতিলতার মতো দেশপ্রেমীর সম্পর্কে জেনেছে। তার কথা, বই পড়লে চিন্তার বিকাশ হয়। ষষ্ঠ শ্রেণির শহীদুল ইসলাম জানাল, পাঠাগারে এসেই সে শহীদ বুদ্ধিজীবীদের সম্পর্কে জানতে পেরেছে।
বই নেওয়া, জমা রাখা, মাসিক চাঁদা তোলা—পুরো কাজটি করে শিশুরাই। আর পাঠাগারে নিয়মিত গিয়ে সদস্যদের নানা বিষয়ে ধারণা দেন রাফসানুল এহসান, সীমা দত্ত ও ছায়েদুল হক। পাঠাগারকক্ষটির ভাড়া ৪ হাজার ৪০০ টাকা। সদস্যদের চাঁদা, ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দান থেকে মেটানো হয় এই ব্যয়ভার।
যেহেতু এটি কড়াইলের একমাত্র পাঠাগার, তাই কিছু সামাজিক কাজও করতে হয় এর সদস্যদের। যেমন শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা তহবিল সংগ্রহ ও বিতরণ।