ওরা মার দেবে, আমরা বসে দেখবো এতো দুর্বল হইনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি-জামায়াতের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘আমরা সংঘাত চাই না। তবে তারা (বিএনপি-জামায়াত) মার দেবে, আমরা বসে বসে দেখব, এত দুর্বল হইনি। যারা তাণ্ডব চালাচ্ছে, তাদেরও ঘরবাড়ি, ব্যবসা আছে। মানুষ যদি খেপে গিয়ে হামলা করে, তাহলে তারা কোথায় যাবে?’বিএনপি-জামায়াতের বিরুদ্ধে সহিংসতা ও তাণ্ডবের অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, এদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তিনি মসজিদের ইমামসহ ওলামা-মাশায়েখ সমন্বয়ে সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠনের ঘোষণা দেন। গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘জামায়াত-শিবির বায়তুল মোকাররম মসজিদে খতিবকে নামাজ পড়াতে বাধা দিচ্ছে। জায়নামাজে আগুন দিচ্ছে। জুমার নামাজ শেষ হওয়ার আগেই ধ্বংসাত্মক কাজে লিপ্ত হচ্ছে। তারা কী ধরনের মুসলমান যে নামাজ পড়ার ধৈর্যটুকু নেই?’ তিনি বলেন, জামায়াত-শিবির পুলিশসহ সারা দেশে মানুষ খুন ও দেশের সম্পদ ধ্বংস করছে। প্রকৃতিও তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না। হাজার হাজার গাছ কেটে ফেলা হচ্ছে। আর বিরোধীদলীয় নেত্রী এদের সঙ্গে হাত মিলিয়েছেন।’ শেখ হাসিনা বলেন, ‘এতগুলো হত্যাকাণ্ডের দায় বিরোধীদলীয় নেত্রীকেই নিতে হবে। দেশের যত রক্তপাত ঘটেছে, তার দায়দায়িত্বও তাঁকে নিতে হবে। তাঁর নির্দেশেই জামায়াত-শিবির দেশে তাণ্ডব চালাচ্ছে, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা করছে।’ তিনি বলেন, ‘খালেদা জিয়া একদিকে হিন্দুদের বাড়িঘরে হামলার নির্দেশ দিচ্ছেন, অন্যদিকে হামলার জন্য সহানুভূতি জানিয়ে বিবৃতি দিচ্ছেন! তিনি সর্প হয়ে দংশন করে আবার নিজেই ওঝা হয়ে ঝাড়ছেন।’ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ বাতিল করায় খালেদা জিয়ার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘কিছুদিন আগে তিনি ভারত সফরে গিয়েছিলেন। ধরনা দিয়ে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে দেখাও করলেন। অথচ ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশে আসার পরও সময় নিয়েও তিনি তাঁর সঙ্গে দেখা করলেন না।’মতিয়া চৌধুরী বলেন, ‘জামায়াতের কোনো ধর্ম নেই। একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে তারা ধর্ষণকে জায়েজ করেছিল।’সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। সবাইকে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী, বি এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ, ইলিয়াস উদ্দিন মোল্লা। হাছান মাহমুদ ও অসীম কুমার উকিলের পরিচালনায় আলোচনা সভায় কবিতা আবৃত্তি করেন ইয়াফেস ওসমান ও আহকাম উল্লাহ।