
হতদরিদ্র পরিবারের সন্তান তারা। অভাব তাড়া করে নিত্য। তবু তাদের মনোবল অটুট। পড়াশোনায় একাগ্রচিত্ত। এভাবেই তারা সাফল্য পেয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায়। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে পাস করেছে। উজ্জ্বল করেছে মা-বাবাসহ স্বজন ও শিক্ষকদের মুখ। এতেই ক্ষান্ত নয় তারা, যেতে চায় বহুদূর। হতে চায় শিক্ষক, চিকিৎসক ও প্রকৌশলী।
চিকিৎসক হতে চায় আঁখি
আঁখি মণির বাবা আলী আজম জ্বরে ভুগে চিকিৎসার অভাবে একপর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। পরে টাঙ্গাইল সদরের গ্রামের বাড়ি থেকে নিরুদ্দেশ হন। তাঁকে খুঁজতে খুঁজতে আঁখির মা লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী গ্রামে আসেন। মেয়ে আঁখিকে নিয়ে একটি বাড়িতে আশ্রয় নেন। এরপর তাঁরাও আর বাড়ি ফেরেননি। ওই গ্রামের পাশে বাজারে কাপড় সেলাইয়ে দোকান করেন। মায়ের সঙ্গে আঁখিও কাপড় সেলাই করে। ফাঁকে ফাঁকে পড়াশোনা করে। সে এবার গড্ডিমারী দ্বিমুখী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেয়। এর আগে আঁখি প্রাথমিক সমাপনী ও জেএসসিতেও ট্যালেন্টপুলে বৃত্তি পায়।
আঁখির মা জয়নব নেছা বলেন, বাচ্চাদের ও মেয়েদের জামাকাপড় তৈরি করে গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করেন। লাভ অতি অল্প হয়। তা দিয়ে মা-মেয়ের খাওয়া-পরা চলে।
আঁখি মণি বলে, ‘আমার মতো আর কেউ যেন চিকিৎসার অভাবে বাবা হারা না হয়। তাই স্বপ্ন দেখি চিকিৎসক হব। যত বাধাই আসুক, আমি এগিয়ে যাব।’
প্রকৌশলী হওয়ার স্বপ্ন শরিফুলের
মো. শরিফুল ইসলামের বাবা মিজানুর রহমান দিনমজুর, মা শিউলি খাতুন গৃহিণী। বাড়ি বগুড়ার ধুনট উপজেলার চিকাশি গ্রামে। বসতভিটা ছাড়া আর কিছু নেই। বাবার আয়ে পরিবারের পাঁচ সদস্যের দুবেলা খাবার জুটত না। তাই শরিফুল সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার হরিনাথপুর গ্রামে নানা হাবিবুর রহমানের কাছে আশ্রয় নেয়। কিন্তু নানাও সচ্ছল ছিলেন না। বাইসাইকেল নিয়ে গ্রামে গ্রামে ঘুরে ঝুট কাপড় বিক্রি করতেন। নানার কষ্ট দেখে তাঁকে সহযোগিতা করতে নেমে পড়ে শরিফুল। এর মধ্যেই পড়াশোনা করে সে এবার হরিনাথপুর উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেয়।
শরিফুলের বাবা মিজানুর রহমান বলেন, ‘আমার দুঃখ-কষ্টভরা জীবন। নিজের চেষ্টায় ছেলেটা এত ভালো ফল করেছে। ওর নানা অনেক সহযোগিতা করেছেন।’
শরিফুল বলে, ‘আমি মা-বাবা ও নানার মুখ উজ্জ্বল করতে আরও ভালো লেখাপড়া করতে চাই। প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখি।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার স্বপ্ন আশার
আশা খাতুনের বয়স তখন তিন বছর। তার বাবা জাহাঙ্গীর হোসেন দ্বিতীয় বিয়ে করেন। রাগে-দুঃখে জোবেদা বেগম তিন ছেলেমেয়ে নিয়ে কুমিল্লার স্বামীর বাড়ি ছেড়ে নড়াইল সদর উপজেলার চাচুড়ি গ্রামে আশ্রয় নেন দিনমজুর বাবার পরিত্যক্ত টিনের ঘরে। অন্যের কৃষিজমিতে শ্রমিকের কাজ করেন। কখনো রাস্তায় মাটি কাটেন। ঝিয়ের কাজও করেছেন। খেয়ে না-খেয়ে ছেলেমেয়েদের পড়াশোনার খরচ জুগিয়েছেন। আশা এবার তুলারামপুর আদর্শ বালিকা বিদ্যালয় থেকে এসএসসিতে ভালো ফল করেছে। জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায়ও সে জিপিএ-৫ পেয়েছিল।
জোবেদা বেগম বলেন, তাঁর মেয়েকে বিদ্যালয়ের শিক্ষকেরা বিনা পয়সায় প্রাইভেট পড়িয়েছেন। আশা তাঁর ভাঙা ঘরে চাঁদের আলো।
আশা বলে, সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে। তবে পড়াশোনার খরচ কোথা থেকে মিলবে, তা নিয়ে ভীষণ দুশ্চিন্তা তার।
প্রকৌশলী হতে চায় নাঈম
৪ মে যখন এসএসসির ফল বের হয়, তখন মো. নাঈম হোসেন সরদার বরিশালের গৌরনদী উপজেলার প্রত্যন্ত এলাকায় রাজমিস্ত্রি বাবার জোগালি হিসেবে কাজ করছিল। মুঠোফোনে সহপাঠীরা তার সাফল্যের খবর জানায়। ছেলেকে বুকে জড়িয়ে ধরে আনন্দে কেঁদে ফেলেন মো. নাসির উদ্দিন সরদার। নাঈমের বাড়ি গৌরনদী উপজেলার আশোকাঠি গ্রামে। নাসির উদ্দিন বলেন, ‘জমাজমি নেই। দুই ছেলেমেয়েই তাঁদের অমূল্য ধন।’ নাঈম এবার পালরদী মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেয়। এর আগে সে প্রাথমিক সমাপনী ও জেএসসিতেও জিপিএ-৫ পায়।
নাঈম বলে, ‘কাজ শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরতাম। তবু অনেক রাত জেগে পড়াশোনা করতাম। স্বপ্ন দেখি প্রকৌশলী হব। বাবাকে তখন আর এত পরিশ্রমের কাজ করতে দেব না।’
মা নাসরিন বেগম বলেন, অভাবের সংসার। এর মধ্যেও পড়াশোনা চালিয়ে নাঈম সবার মুখ উজ্জ্বল করে সাফল্য এনেছে।
{প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন নড়াইল, পাটগ্রাম (লালমনিরহাট), ধুনট (বগুড়া) ও গৌরনদী (বরিশাল) প্রতিনিধি}