ওরা যেতে চায় বহুদূর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওরা চারজন, গরিব ঘরের সন্তান। কিন্তু মেধাবী। নানা প্রতিবন্ধকতা জয় করে এরা সাফল্য ছিনিয়ে এনেছে। এবার জিপিএ-৫ পেয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাস করেছে। স্বপ্ন দেখে উচ্চশিক্ষা লাভের। যেতে চায় আরও বহুদূর।

.
.

পার্থর বাবা পত্রিকা বিক্রি করেন
বগুড়া শহরের নাটাইপাড়া এলাকার বাসিন্দা সুদেব চন্দ্র রায়। সকাল থেকে ফেরি করে পত্রিকা বিক্রি করেন। এতে যা আয় হয়, তা দিয়ে অতিকষ্টে চলে সংসার। এ থেকে সামান্য অর্থ বাঁচিয়ে দুই ছেলের পড়াশোনার খরচ জোগান। এবার তাঁর বড় ছেলে পার্থ রায় এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে। সে বগুড়া জিলা স্কুলের ছাত্র ছিল।
সুদেব বলেন, মাথা গোঁজার ঠাঁই ছাড়া কিছুই নেই। এর মধ্যেও তাঁর ছেলে ভালো ফল করে, এতে তাঁর গর্ব হয়।
পার্থ বলে, ‘বাবার কষ্টের টাকায় পড়াশোনা করছি। সব সময় ভালো ফল করার জন্য নিরন্তর সাধনা ও পরিশ্রম করেছি। এর আগে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষাতেও সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছিলাম। দারিদ্র্যের কাছে হার মানলে চলবে না। আমাকে আরও বহুদূর এগিয়ে যেতে হবে। স্বপ্ন আছে একদিন চিকিৎসক কিংবা প্রকৌশলী হব।’
একটু মিষ্টি কিনতে পারেননি তিনি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামের পল্লবী রানী রায় এবার জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করেছে। সে হাতীবান্ধা এসএস মডেল উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষায় অংশ নিয়েছিল। এর আগে সে পিইসি ও জেএসসিতেও জিপিএ-৫ পেয়েছিল। তার বাবা পবিত্র নাথ রায় কম্পিউটার কম্পোজের কাজ করেন। এই আয় দিয়ে দুই মেয়ের লেখাপড়াসহ চারজনের সংসার চালান।
পবিত্র নাথ বলেন, তাঁর ৫ শতাংশের ভিটেবাড়ি ছাড়া আর কোনো সহায়-সম্পত্তি নেই। ঋণ করে একটি কম্পিউটার কিনে গ্রামের বাজারে কম্পোজের দোকান দেন। সব দিন আয় রোজগার হয় না। মেয়েটা পরীক্ষায় ভালো ফল করল। কিন্তু সেদিন টাকার অভাবে একটু মিষ্টি কিনে বাড়ি নিয়ে যেতে পারেননি। এটি তাঁর জীবনের সবচেয়ে বড় কষ্টের ঘটনা।
বাবাকে লুকিয়ে পড়ত হান্নান
বাবা-মা, চার ভাই ও চার বোনের সংসার মো. হান্নানের। বাড়ি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মধ্য বাগ্গা গ্রামে। তার বাবা মো. সিরাজ বাড়ির সামনে চায়ের দোকান করেন। তিনি চাইতেন, হান্নানও তাঁর সঙ্গে দোকানে কাজ করুক। বাবার কথামতো চায়ের দোকানে বসত সে। কিন্তু মন পড়ে থাকত বইয়ের পাতায়। তাই লুকিয়ে লুকিয়ে সে পড়াশোনা করত। এ জন্য বাবা বকাঝকা করতেন। তবু উদ্যম হারায়নি হান্নান। বাড়ি থেকে প্রায় আট কিলোমিটার দূরে উপজেলার শহীদ জয়নাল আবদিন মডেল উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণিতে ভর্তি হয় সে। অন্যের বাড়িতে জায়গির থেকে, ছাত্র পড়িয়ে নিজের পড়াশোনা অব্যাহত রাখে। এবার সে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করেছে।
হান্নান বলে, ‘বিদ্যালয়ের কৃষ্ণ কমল স্যার আমাকে বিনা পয়সায় প্রাইভেট পড়াতেন। অন্য শিক্ষকেরাও নানা রকম সহায়তা দিয়েছেন।’
তার বাবা সিরাজ বলেন, কিন্তু ছেলের কলেজের পড়াশোনা কী করে চলবে?
প্রতিবন্ধকতাকে জয় করেছে খায়রুন
নানা শারীরিক সমস্যা নিয়ে জন্ম খায়রুন নাহারের। মাত্র তিন দিন বয়সে শরীরে অস্ত্রোপচার করতে হয়। এখন সে চোখে কম দেখে। ডান পা খাটো। এ ছাড়া শারীরিক বিকাশও খুব একটা ঘটেনি। নানা সমস্যায় ভুগছে সে। পাশাপাশি আছে দারিদ্র্য। কিন্তু এসব প্রতিকূলতা জয় করে সে এবার এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে। সে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রৌহা এইচজিবিএল উচ্চবিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রী। তার বাবা রৌহা গ্রামের শাহিন ইকবাল।
শাহিন ইকবাল বলেন, তিনি একজন দরজি। তাঁর সামান্য আয়ে চলে পাঁচজনের সংসার। সহায়-সম্বল বিক্রি করে এই মেয়ের চিকিৎসা করিয়েছেন। খায়রুনকে ভালো কলেজে পড়ানোর সামর্থ্য তাঁর নেই।
খায়রুন বলে, ‘আমি জেএসসিতেও জিপিএ-৫ পেয়েছিলাম। সুযোগ পেলে পড়ালেখা শেষ করে ভালো কিছু করতে চাই।’
[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা দিয়েছেন নোয়াখালী অফিস, বগুড়া, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) ও পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি}