বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের গলাচিপা গ্রামের দিনমজুর আবদুল লতিফের তিন মেয়েই শ্রবণ ও বাক্প্রতিবন্ধী। বড় মেয়ে লিমাকে (২০) বাড়ির এক জ্ঞাতি ভাইয়ের ছেলের সঙ্গে বিয়ে দিয়েছেন সাত বছর আগে। একটা ছেলেও হয়েছে। কিন্তু লিমার স্বামী আবু সালেহ বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় কোনো কাজ করতে পারেন না বলে তাঁদের সবার দায়িত্ব তাঁকেই বহন করতে হচ্ছে।মেজো মেয়ে সোনিয়ারও (১৭) বিয়ে হয়েছে ছয় বছর আগে অপর এক জ্ঞাতি ভাইয়ের ছেলের সঙ্গে। সোনিয়ার স্বামী জসিমও কিছুটা অকর্মণ্য হওয়ায় মেয়ে-জামাইকে ঘরে বসে টানতে হচ্ছে। আর ছোট মেয়ে সেতুর (১৪) এখনো বিয়ে হয়নি। কীভাবে বিয়ে দেবেন, তাও ভেবে পাচ্ছেন না লতিফ। তিনি বলেন, ‘আল্লায় ক্যান যে এমন পরীক্ষা নিল আমারে। কী অন্যায় করছি জানি না। নাইলে তিনটা বাচ্চাই ক্যান এমন অইবে।’লতিফের স্ত্রী হেলেনা বেগম বলেন, ‘তিন মাইয়্যা-জামাই-নাতি লইয়্যা এহন বিরাট সংসার। সংসারে আয়-রোজগার কিছু নাই। একফোঁটা জমি-জিরাত নাই। আগে রাস্তায় কাম কইর্যা কিছু আয় অইত, এহন কামও বন্ধ। সংসারে একবেলা খাওন জোটাই তো দুইবেলা না খাওন, এই রহম দিন কাটাই মোরা। সবই আল্লার ইচ্ছা!’লতিফ জানান, তিন মেয়ে মাসিক ৩০০ টাকা করে সমাজসেবা অফিস থেকে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা পায়। কিন্তু তা দিয়ে তাঁর সংসার চলে না। নিজে খেটেখুটে যা আয় করেন, তা দিয়ে এত বড় সংসারের খাওন-খোরাক জোটাতে পারছেন না।একই উপজেলার গৌরিচন্না ইউনিয়নের দক্ষিণ মনসাতলী গ্রামের তালা মেরামতের মিস্ত্রি খোকন চন্দ্র রায়ের চার ছেলেমেয়ের মধ্যে দুই ছেলে অসীম (১৫) ও অন্তর (১৩) শারীরিকপ্রতিবন্ধী। জন্মের পরপরই তাদের হাত-পা শুকিয়ে অবস হয়ে যায়। শয্যাশায়ী দুই ছেলের সেবায় দিন-রাত ব্যস্ত থাকায় এখন হাঁপিয়ে উঠেছেন খোকন ও তাঁর স্ত্রী সুবলা রানী। খোকন আক্ষেপ করে বলেন, ‘নিজের সন্তান কোথায় ফালাব! ঈশ্বর আমাগো মতন গরিবের ঘরে এমন দুর্যোগ কেন দিলেন, ভেবে পাই না। চিকিৎসকেরা বলে দিয়েছেন, আমার দুই ছেলের আর ভালো হওয়ার সম্ভাবনা নেই।’ সুবলা রানী জানান, সমাজসেবা অফিস থেকে অসীমকে মাসিক ৩০০ টাকা করে ভাতা দেয়। অন্তরকে দেয় না। এক ছেলের নামে ভাতা পেতেও তাঁদের অনেক ঝামেলা পোহাতে হয়েছে। জেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল মান্নান বলেন, একই পরিবারে একাধিক প্রতিবন্ধীকে ভাতা দেওয়ার নিয়ম নেই বলে অন্তর ভাতা পাচ্ছে না। সরকার ভাতা প্রদানের সুবিধাভোগীর সংখ্যা বৃদ্ধি করলে বিষয়টি তখন বিবেচনা করা যাবে।