ওরা ১৩ জন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মুরাদনগর উপজেলার ১২ নম্বর রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে মোট ১৩টি পদের প্রতিটিতে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁদের প্রতিদ্বন্দ্বী হিসেবে কোনো মনোনয়নপত্র জমা পড়েনি। ফলে তাঁদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ওই ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে একজন, নয়টি ওয়ার্ডের সদস্য পদে নয়জন ও সংরক্ষিত আসনের তিনটি সদস্য পদে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এখন আর নতুন কোনো মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ নেই। নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে ছফু মিয়া সরকার এবং সংরক্ষিত আসনে নাছিমা আক্তার, হালিমা আক্তার ও মনোয়ারা বেগম মনোনয়নপত্র জমা দিয়েছেন। সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মজিবুর রহমান, আবুল হোসেন, নরেশ চন্দ্র পাল, আবদুল মোমেন, আবুল কাশেম, মো. হারুনুর রশিদ, মোসলেম মিয়া, বিল্লাল হোসেন ও জীবন মিয়া। ওই ইউনিয়নের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা প্রথম আলোকে বলেছেন, কোনো দৈব-দুর্বিপাক কিংবা কারও অনিচ্ছার কারণে নয়, মূলত ওই প্রার্থীদের ভয়ে কেউ মনোনয়নপত্র জমা দেননি। তাঁরা জানান, একজন ব্যক্তি সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেও শেষ পর্যন্ত আর জমা দেওয়ার সাহস পাননি। তাঁরা জানান, প্রার্থীদের সবাই কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের মনোনীত প্রার্থী। এদের মধ্যে চেয়ারম্যান ছফু মিয়া সরকার তাঁর আপন বড় ভাই। নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, ১৮ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ১৯ জুন প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ৫ জুলাই নির্বাচন। কোনো ধরনের সমস্যা না হলে ওই ১৩ জনকে বিজয়ী ঘোষণা করাটা এখন সময়ের ব্যাপার।রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ বলেছেন, মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হলে তাঁরা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে জাহাঙ্গীর আলম গতকাল প্রথম আলোকে বলেন, ইউনিয়নের গণ্যমান্যদের নিয়ে বৈঠক করে সমঝোতার মাধ্যমে প্রার্থী ঠিক করা হয়েছে। ভয়ে অন্য কেউ মনোনয়নপত্র জমা দেয়নি, এমন কথা ঠিক নয় বলে তিনি দাবি করেন।