ওরা ২০ জন

সড়কটি সংস্কারবিহীন পড়ে রয়েছে গত পাঁচ বছর। হেলেদুলে কয়েকটি লবণ ট্রাক চললেও অন্য কোনো যানবাহন চলাচল দুরূহ ব্যাপার। শিক্ষার্থীসহ এলাকার লোকজনকে চলাচল করতে হয় হেঁটেই। সরকারের সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেও প্রতিকার পাননি ওই এলাকার লোকজন। তাই নিজের পরিবার ও এলাকার লোকজনের দুঃখ লাঘবে এগিয়ে এসেছে বিভিন্ন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ওই এলাকার ২০ জন শিক্ষার্থী।
২০ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের দরবার সড়কটি সংস্কার করেছে ২০ জন শিক্ষার্থীর একটি দল। তারা একে অপরের সঙ্গে হাত মিলিয়ে স্বেচ্ছাশ্রমে কাজটি করতে এগিয়ে আসে। স্কুল-কলেজ থেকে ফেরার পর বই-খাতা-কলম তুলে রেখে অবসর সময়ে তারা নেমে পড়েছে সড়ক সংস্কারের কাজে।
সরেজমিনে দেখা গেছে, ২০০৩ সালে রাজাখালীর দরবার সড়কটির সবুজ বাজার থেকে বকশিয়াঘোনা এলাকা পর্যন্ত ইট বিছানো হয়। এর পর থেকে ওই সড়ক দিয়ে ট্রাকযোগে ওই এলাকার প্রধান সম্পদ লবণ নেওয়া হয় দেশের বিভিন্ন প্রান্তে। অতিরিক্ত বোঝাই নিয়ে ট্রাক চলাচল করায় পাঁচ বছর আগে থেকে বিভিন্ন খানাখন্দের সৃষ্টি হয়। ইটগুলো দুমড়ে-মুচড়ে পার্শ্ববর্তী লবণ মাঠের সঙ্গে মিশে গেছে। এ ছাড়া সড়কের দুপাশের মাটি সরে গেছে।
চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বকশিয়াঘোনা এলাকার বাসিন্দা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘দীর্ঘদিন সংস্কারবিহীন পড়ে রয়েছে সড়কটি। স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তর নীরব দর্শকের ভূমিকায়। তখন আমরা শিক্ষার্থীরা একত্রিত হয়ে সড়কের পাশে সরে যাওয়া ইট সড়কের ওপর বিছিয়ে দিই। যেখানে বড় বড় গর্ত হয়েছে, সেখানে মাটি দিয়ে ওপরে ইটের গুঁড়া দিয়ে গর্ত ভরাট করেছি।
পটিয়া সরকারি কলেজের শিক্ষার্থী আনোয়ার হোসেন ও পেকুয়া উপকূলীয় কলেজের শিক্ষার্থী হামিদুর রহমান বলে, ‘দেশসেবার কাজ আমরা নিজ এলাকা থেকে শুরু করেছি। আমরা সরকারের সংশ্লিষ্ট বিভাগকে দেখিয়ে দিয়েছি, একতা ও একাগ্রতা থাকলে সবকিছুই সম্ভব।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে সড়ক সংস্কার করে যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা অনুকরণীয়। তিনি বলেন, ‘সড়কটি সংস্কারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বেশ কয়েকবার অবগতিপত্র দিয়েছি।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পেকুয়া উপজেলার উপসহকারী প্রকৌশলী হারু কুমার পাল বলেন, চার মাস আগে ইউনিয়ন সংযোগ সড়ক উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) আওতায় সড়কটি সংস্কারের জন্য মন্ত্রনালয়ে তালিকা পাঠনো হয়েছে। তালিকা পাস হয়ে এলেই চাহিদাপত্র পাঠানো হবে।