ওরা 'বর্ষার দূত'

বর্ষার শুরুতেই বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহারহাট এলাকায় ঝাঁকে ঝাঁকে আসতে শুরু করে ওরা। আবার শীত পড়লেই ফিরে যায় পুরোনো আস্তানায়। প্রায় আট বছর ধরে বিহারহাট এলাকায় ওদের এ আনাগোনা।
বলা হচ্ছে শামুকখোল পাখিদের কথা। বর্ষায় বিহারহাট এলাকায় ঝাঁকে ঝাঁকে দেখা মেলে ওদের। শিবগঞ্জ শহর থেকে ওই হাটটির দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার।
সরেজমিনে গত রোববার দেখা গেল, বিহারহাটের ওই দুটি গাছজুড়ে পাখিদের কিচিরমিচির, ওড়াউড়ি। কয়েকজন গ্রামবাসী বলেন, বর্ষার আগে দল বেঁধে গ্রামে আসতে শুরু করে এসব পাখি। সারা দিন খাবারের সন্ধানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। বিকেলে ফিরে আসে গ্রামের পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুটি পাকুড়গাছে।
গ্রামবাসী জানান, প্রায় আট বছর আগে ওই গাছ দুটিতে প্রথম আশ্রয় নিয়েছিল একদল শামুকখোল। সেই শুরু। ওদের কেউ বিরক্ত না করায় ফি-বছর ওই পাখির সংখ্যা বাড়তে থাকে। এ বছরও এরই মধ্যে শামুকখোল পাখির দল বিহারহাটে আসতে শুরু করেছে।
গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম পাখিগুলো সম্পর্কে বলেন, ‘ওরা গ্রামে ঢুকলেই বুঝে যাই এখন বৃষ্টি নামবে। এবার হয়েছেও তাই। শামুকখোল আসার পরই এলাকায় বৃষ্টি শুরু হলো।’
গ্রামের সাত-আটজন বলেন, এসব পাখির আনাগোনা যখন শুরু হয়েছিল তখন পাখিশিকারিদের হাতে বেশ কিছু পাখি প্রাণ হারায়। প্রতিবাদে রুখে দাঁড়ান গ্রামবাসী। পাখিগুলোর নিরাপত্তার স্বার্থে গ্রামে কোনো শিকারিকে ঢুকতে দেন না স্থানীয় লোকজন। গ্রামবাসী শুধু পাখি শিকার নয়, পাখিদের বিরক্ত করাও পছন্দ করেন না। বরং পাখিদের কীভাবে একটু সাহায্য করা যায়, সে চেষ্টায় থাকে গ্রামের ছেলে-বুড়ো সবাই। যেমন গ্রামের মিন্টু মিয়া জানালেন, ‘কোনো পাখির ছানা পড়ে গেলে গ্রামের ছেলেরাই ওদের গাছে তুলে দেয়।’
বিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, শামুকখোল জাতের এসব পাখি বর্ষার আগে আসে। চার-পাঁচ মাস থেকে আবার চলে যায়। কোথা থেকে পাখিগুলো আসে তা অবশ্য কেউ বলতে পারে না।