ওরাও খোলা আকাশের নিচে পরীক্ষা দিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেইলি রোডের সামাজিক শিক্ষাকেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পর এবার রাজধানীর মিরপুর-২-এ অবস্থিত চম্পা পারুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও পরীক্ষা দিতে হচ্ছে খোলা আকাশের নিচে। এ বিদ্যালয়ের জমি নিজের দাবি করে দেয়াল তুলে দিয়েছেন স্থানীয় এক ব্যক্তি l ছবি: সাজিদ হোসেন
বেইলি রোডের সামাজিক শিক্ষাকেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পর এবার রাজধানীর মিরপুর-২-এ অবস্থিত চম্পা পারুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও পরীক্ষা দিতে হচ্ছে খোলা আকাশের নিচে। এ বিদ্যালয়ের জমি নিজের দাবি করে দেয়াল তুলে দিয়েছেন স্থানীয় এক ব্যক্তি l ছবি: সাজিদ হোসেন

বেইলি রোডের সামাজিক শিক্ষাকেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পর এবার মিরপুর-২-এ অবস্থিত চম্পা পারুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে পরীক্ষা দিতে হচ্ছে। কারণ, স্বাধীনতার পর থেকে বিদ্যালয়ের ভোগকৃত জমি সম্প্রতি স্থানীয় এক ব্যক্তি নিজের দাবি করে বিদ্যালয়ের একাংশ ভেঙে দিয়ে সেখানে বেড়া দিয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ১৯৭৪ সাল থেকে এখানে বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে। এখানে দোতলা ভবনটি পরিত্যক্ত হওয়ায় নিচতলায় পাঁচ কক্ষের টিনশেডে শিক্ষার্থীদের ক্লাস চলছিল। কিন্তু স্থানীয় এক ব্যক্তি সম্প্রতি এখানে চম্পা পারুল গার্লস হাইস্কুল নামে একটি স্কুলের নাম দিয়ে সেটিকে পক্ষভুক্ত করে আদালতে মামলা করেন। অথচ এখানে চম্পা পারুল গার্লস হাইস্কুলের কোনো অস্তিত্ব নেই। ওই মামলায় আদালতের রায় ওই ব্যক্তির পক্ষে গেলে গত ১৭ জুলাই তাঁরা বিদ্যালয়ের একাংশ ভেঙে দিয়ে বেড়া দেন। এ সময় দুটি কক্ষ ভেঙে ফেলা হয়। এ কারণে অন্য কক্ষগুলোও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এতে শিক্ষার্থীদের ক্লাস নিতে সমস্যা হচ্ছিল। কিন্তু বর্তমানে দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হওয়ায় খোলা আকাশের নিচেই পরীক্ষা নিতে হচ্ছে।
এ বিষয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করেছেন জানিয়ে প্রধান শিক্ষক বলেন, তাঁরা আশা করছেন আদালত ওই আদেশের স্থগিতাদেশ দেবেন।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য কাজী জমসের আলী প্রথম আলোকে বলেন, এই জায়গায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের তিনটি প্লট ছিল। এর মধ্যে একটিতে বিদ্যালয়ে ভবন। বাকি দুটিতে বিদ্যালয়ের মাঠ ছিল এবং ১৯৭২ সাল থেকে বিদ্যালয় সেটি ভোগ করে আসছে। পাশাপাশি মাঠের দুটি প্লট বিদ্যালয়ের নামে বরাদ্দ দেওয়ার জন্য অনেক আগেই গৃহায়ণ কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। কিন্তু সম্প্রতি ওই মাঠের একটি প্লট ‘কারসাজি’ করে এক ব্যক্তি নিজের দাবি করেন। পরে আদালতের রায় ওই ব্যক্তির পক্ষে গেলে তিনি বিদ্যালয়ের ভোগকৃত জায়গায় বেড়া দেন এবং ভাঙচুর করেন। কিন্তু নিয়মানুযায়ী এভাবে বিদ্যালয় ভাঙচুর করতে পারেন না।
সম্প্রতি বেইলি রোডে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন সংলগ্ন সামাজিক শিক্ষাকেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেঙে গুঁড়িয়ে দেওয়ার কারণে সেখান শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে ক্লাস পরীক্ষা নিতে হচ্ছে।