ওরাও যদি শপথ নিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিগত বছরগুলোর মতো এবারও আমরা নতুন বছরে নানা শপথ নিয়েছি এবং যথারীতি কয়েক দিন পরই সেগুলো ভুলে যাব। কিন্তু আমাদের বদলে যদি ‘ওরা’ নতুন বছরে শপথ নেয় তাহলে কেমন হবে? লিখেছেন আসফিদুল হক

টাকার শপথ

সেই আদিমকাল থেকে শুনে আসছি, অর্থই নাকি অনর্থের মূল। মানুষ আমাদের ছাড়া এক পা-ও চলতে পারে না কিন্তু এমন ভাব দেখায় যেন টাকাপয়সা হাতের ময়লা। আবার মানুষই আমাদের দুই ভাগে ভাগ করেছে—কালোটাকা আর সাদাটাকা। হাজারটা যন্ত্রণা নিয়ে এত দিন মানুষের বিনিময় মাধ্যম হিসেবে নিরলস কাজ করে যাচ্ছি কিন্তু কপালে বদনাম ছাড়া কিচ্ছু জোটে না। তাই আমরা, মানে টাকারা ঠিক করেছি, নতুন বছরের প্রথম দিন থেকে আমরা নিজেদের নীতি অনুযায়ী চলব। এখন থেকে কেউ আমাদের দুই নম্বর কোনো কাজে ব্যবহার করতে পারবে না। যখনই বুঝতে পারব আমাদের দুর্নীতির বিনিময় মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে, সঙ্গে সঙ্গে আমরা ভোল পাল্টে ফেলব। টাকা থেকে রূপান্তরিত হব স্রেফ সাদা কাগজে। তাই এখন থেকে আমাদের একমাত্র গন্তব্যস্থল হবে সৎ, পরিশ্রমী ও খেটে খাওয়া মানুষের পকেট।

গাড়ির শপথ

আজ থেকে প্রতিজ্ঞা করছি, এমন কোনো চালককে গাড়িতে উঠতে দেব না যে এলোপাতাড়ি গাড়ি চালায়, অযথা হর্ন দেয়, যানজট দেখলে রং সাইডে চলতে শুরু করে। পাশাপাশি যেকোনো ধরনের অসৎ মানুষ গাড়িতে উঠলেই আমরা চাকা ঘোরানো বন্ধ করে দেব। শুধু সত্যিকারের সৎ এবং চলাচলে অক্ষম মানুষের জন্যই আমাদের গাড়ির দুয়ার খোলা থাকবে।

আয়নার শপথ

কেমন হবে যদি আজ থেকে আয়নায় নিজের আসল চেহারা দেখতে পান? নিজেকে সামলাতে পারবেন তো? পারতেই হবে। কারণ, আজ থেকে আয়নাসমাজ কেবল মানুষের আসল চেহারা দেখাবে। এত দিন যাঁরা সবার সামনে ভালো মানুষের মুখোশ পরে ঘুরে বেরিয়েছেন এবং আড়ালে আড়ালে বদমায়েশি করেছেন, এখন থেকে সাবধানে আয়নার সামনে দাঁড়াবেন। নইলে নিজের চেহারা দেখে নিজেই হার্টফেল করলে এর দায়ভার কোনো আয়নাই বহন করবে না।