ওরাওঁদের ফাগুয়া উৎসব উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হাটরাজবাড়ীতে বৃহস্পতিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উদ্যাপিত হয়েছে ফাগুয়া উৎসব। চাঁপাইনবাবগঞ্জসহ রাজশাহী ও নওগাঁর কয়েক হাজার ওরাওঁ আদিবাসী এই উৎসবে যোগ দেয়।প্রকৃতিকে ঘিরেই আবর্তিত হয় প্রকৃতিপ্রেমিক ওরাওঁ আদিবাসীদের জীবন। তাদের সব উৎসব, পালাপার্বণ অনুষ্ঠিত হয় প্রকৃতিকে অনুসরণ করেই। ঋতুরাজ বসন্তের নতুন প্রকৃতিকে বরণ করতে তারা আয়োজন করে ফাগুয়া উৎসবের। এ ছাড়া বসন্তেই শুরু হয় তাদের নববর্ষ। ফাগুনের নতুন প্রকৃতি রঙে রং লাগে ওরাওঁ আদিবাসীদের মনে, বিশেষ করে তরুণ-তরুণী ও যুবক-যুবতীদের মনে। সেই রঙের বহিঃপ্রকাশ ঘটান তাঁরা ফাগুয়া উৎসবের মাধ্যমে। উৎসব স্থলে রঙিন শাড়ি পরে মাথায় আলপনা আঁকা কলসে ফাগুনের নতুন ফুল-ফল, নতুন পাতাসহ কচি শাখা নিয়ে আসেন তরুণীরা। সঙ্গে ছেলেরা আসে নতুন ধুতি, জামাকাপড় পরে ঢাকঢোল-মাদল-বাঁশি বাজিয়ে। অনুষ্ঠানের শুরুতে রাজবাড়ী কলেজমাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এরপর অনুষ্ঠিত হয় ফাগুয়া পূজা। গ্রামের দুই শিশুকে বর-কনে সাজিয়ে তাদের সামনে রেখে সারিবদ্ধভাবে তরুণীরা মাথায় মাটির কলসে ফুল-পাতা নিয়ে এগিয়ে আসেন অস্থায়ী পূজাস্থলে। সেখানে পূজা শেষে তাঁরা নাচ-গানে মাতোয়ারা হয়ে ওঠেন। তাঁদের সঙ্গে যোগ দেয় বিভিন্ন গ্রাম থেকে আসা সাংস্কৃতিক দল—এমনকি নানা বয়সী আদিবাসীরাও। নাচ-গানের মাধ্যমে তাঁরা ফুটিয়ে তোলেন আদিবাসীদের ঐতিহ্যবাহী ও সমৃদ্ধ সংস্কৃতি।নাচ-গানের এক ফাঁকে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে আদিবাসী নেতা মদন কুমার বারোয়ারের সভাপতিত্বে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন, আদিবাসী নেতা বিমল রাজোয়ার, বেসরকারি উন্নয়ন সংস্থা বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক আখতার হোসেন, সচেতনের নির্বাহী পরিচালক হাসিনুল হক প্রমুখ। রবীন্দ্রনাথ সরেন বলেন, আদিবাসীদের সংস্কৃতি রক্ষার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। যদিও আদিবাসীরা নিজ উদ্যোগে তাদের কিছু কিছু ঐতিহ্য ধরে রেখেছে; কিন্তু তার পরও হারাতে বসেছে বহু ঐতিহ্যবাহী সংস্কৃতি। রাষ্ট্রীয় উদ্যোগ ছাড়া এগুলো সংরক্ষণ সম্ভব নয়। তিনি আরও বলেন, আদিবাসী থেকে নৃতাত্ত্বিকগোষ্ঠী হিসেবে আখ্যায়িত করায় আদিবাসীরা সরকারের ওপর অসন্তুষ্ট। দাবি অনুযায়ী সংবিধানে তাদের আদিবাসী হিসেবেই স্বীকৃতি দেওয়া প্রয়োজন।