ওরিগন ন্যাশনাল গার্ড প্রতিনিধিদলের বাংলাদেশ সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ওরিগন স্টেটের মধ্যে স্টেট পার্টনারশিপ প্রোগ্রামের (এসপিপি) আওতায় যুক্তরাষ্ট্রের ওরিগন ন্যাশনাল গার্ডের একটি প্রতিনিধিদল গত সোমবার সশস্ত্র বাহিনী বিভাগে এক যৌথ সভায় অংশ নেয়। সভায় লে. কর্নেল মার্ক এ ক্রোসবি, ডাইরেক্টর কমিউনিকেশন, স্টেট পার্টনারশিপ প্রোগ্রাম সমন্বয়ক মেজর ড্যানিয়েল জি শিলিং এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিস অব ডিফেন্স কো-অপারেশন (ওডিসি) প্রধান মেজর ডোনাহিউ লুকসহ ছয় সদস্যের প্রতিনিধিদল এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সভায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং ওরিগন ন্যাশনাল গার্ডের যৌথ উদ্যোগে স্টেট পার্টনারশিপ প্রোগ্রামের আওতায় পারস্পরিক সম্পর্কোন্নয়নের লক্ষ্যে অভিজ্ঞতা বিনিময় ও পেশাগত সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয়। এতে সভায় দুর্যোগ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর প্রস্তুতি ও অগ্রণী ভূমিকা, দুর্যোগ ব্যবস্থাপনায় জাতীয় পর্যায়ে সমন্বিত পরিকল্পনা, প্রাকৃতিক দুর্যোগ বিশেষত, ভূমিকম্প মোকাবিলায় অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমে দুর্যোগ এলাকায় ব্যবহারযোগ্য সামঞ্জস্যপূর্ণ যথাযথ সরঞ্জাম সংগ্রহ ও ব্যবস্থাপনা এবং বিভিন্ন দুর্যোগের ঝুঁকি হ্রাসকরণে সশস্ত্র বাহিনীর ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। সভায় দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে ভূমিকম্প ও সুনামি মোকাবিলায় পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতা প্রদানের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।সভা শেষে সফরকারী ওরিগন ন্যাশনাল গার্ড প্রতিনিধিদল সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল আবদুল ওয়াদুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। আইএসপিআর।