ওরিয়নের তাপবিদ্যুৎ প্রকল্প নিয়ে মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওরিয়ন গ্রুপের বাস্তবায়নাধীন তাপবিদ্যুৎ প্রকল্পের পরিবেশগত সমীক্ষা প্রতিবেদন (ইআইএ) প্রণয়নের অংশ হিসেবে এক মতবিনিময় গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাটে অবস্থিত ওরিয়ন পাওয়ার মেঘনাঘাট লিমিটেড-সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এ সভায় প্রকল্পটির কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি-বেসরকারি কর্মকর্তারা অংশ নেন।
সভায় প্রকল্প কর্মকর্তারা জানান, ওরিয়নের এই প্রকল্পে ব্যবহার করা হবে আলট্রা সুপার-ক্রিটিক্যাল প্রযুক্তি, যা ক্ষতিকর নিঃসরণ সর্বনিম্ন পর্যায়ে কমিয়ে আনতে সহায়তা করবে।
ওরিয়ন পাওয়ার ইউনিট-২ ঢাকা লিমিটেড একটি ৬৩৫ মেগাওয়াট কয়লাভিত্তিক আলট্রা সুপার-ক্রিটিক্যাল তাপবিদ্যুৎ প্রকল্প। গত ২১ এপ্রিল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং ওরিয়ন গ্রুপের মধ্যে এই প্রকল্পের ইমপ্লিমেন্টেশন অ্যাগ্রিমেন্ট (আইএ) এবং পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট (পিপিএ) স্বাক্ষরিত হয়। প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে ওরিয়ন গ্রুপ আইপিপি প্রকল্পটি বাস্তবায়নের সুযোগ পায়।
কর্মকর্তারা বলেন, ওরিয়ন গ্রুপ এই প্রকল্পের উল্লেখযোগ্য অগ্রগতি ইতিমধ্যে নিশ্চিত করেছে। প্রধান যন্ত্র বয়লার, টারবাইন, জেনারেটর ইত্যাদি সরবরাহের বিষয়ে জেনারেল ইলেকট্রিক কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। প্রকল্পটি পরিবেশ অধিদপ্তর থেকে অবস্থানগত ছাড়পত্র পেয়েছে।
সভায় জানানো হয়, প্রকল্পটি বাস্তবায়নের জন্য ইতিমধ্যে মুন্সিগঞ্জের গজারিয়ায় জমি কেনা হয়েছে। পরিবেশগত সমীক্ষা প্রতিবেদন শেষ হওয়ার পর এর নির্মাণকাজ পুরোদমে আরম্ভ হবে। গোটা প্রকল্পে স্বল্পমাত্রার কয়লা ব্যবহার করা হবে (প্রায় ০.০৬%), যা ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে আমদানি করা হবে। প্রকল্পে ব্যবহৃত ফ্লু-গ্যাস সালফারমুক্ত করা হবে ড্রাই ফ্লু-গ্যাস ডিসালফারাইজেশন প্রযুক্তির মাধ্যমে, যা বাতাসে সালফার অক্সাইডগুলোর মাত্রা ৮৫ মি.গ্রা./ঘনমিটার পর্যন্ত নামিয়ে আনতে সক্ষম হবে। বিজ্ঞপ্তি।