ওরে ফুটবল উন্মাদনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয় দল ব্রাজিলের পতাকার রঙে সাজিয়ে সেদ্ধ ছোলা বিক্রি করছেন মো. রেন্টু ইসলাম নামের এক বিক্রেতা। ছবিটি আজ বুধবার রাজশাহীর রেলস্টেশন এলাকা থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম
প্রিয় দল ব্রাজিলের পতাকার রঙে সাজিয়ে সেদ্ধ ছোলা বিক্রি করছেন মো. রেন্টু ইসলাম নামের এক বিক্রেতা। ছবিটি আজ বুধবার রাজশাহীর রেলস্টেশন এলাকা থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম

বিশ্বকাপ ফুটবলের জ্বরে কাঁপছে গোটা দুনিয়া। এর ঢেউ এসে লেগেছে বাংলাদেশেও। এই উন্মাদনা শুধু ঢাকা শহরে নয়, গোটা দেশেই ছড়িয়ে পড়েছে। নানাজন নানাভাবে প্রিয় দলের পতাকা বানিয়ে নিজের পছন্দের দলের প্রতি সমর্থন প্রকাশ করছেন। বাদ যাননি রাজশাহীর গোদাগাড়ীর কাকনহাট এলাকার ছোলা বিক্রেতা মো. রেন্টু ইসলাম।

নিজের প্রিয় দল ব্রাজিলের পতাকার আদলে রেন্টু সাজিয়েছেন ছোলার উপকরণ। রেন্টু জানালেন, তিনি প্রায় ১০ বছর ধরে রাজশাহী শহরের বাস টার্মিনাল ও রেলস্টেশনে সেদ্ধ ছোলা বিক্রি করছেন। প্রতি দিন গড়ে তিনি ৭০০-৮০০ টাকার ছোলা বিক্রি করেন। বিশ্বকাপ ফুটবল সামনে রেখে ক্রেতাদের আকর্ষণ করতে তিনি ব্রাজিলের পতাকার আদলে পসরা সাজিয়েছেন।

সেদ্ধ ছোলার নানা উপকরণ দিয়ে ব্রাজিলের পতাকা বানানোর ধাপগুলোও জানালেন রেন্টু। প্রথমে ডালাতে ছোলা সাজিয়েছেন, তাতে শসা দিয়েছেন। এরপর ব্রাজিলের পতাকার সবুজ রং করতে এর ওপর দিয়েছেন সবুজ মরিচ কুচি। সবুজের মধ্যে প্রিয় দলটির পতাকার অবয়ব ফুটিয়ে তুলতে দিয়েছেন হলুদ রঙের চানাচুর, সেদ্ধ ছোলার বৃত্ত আর মাঝখানে শসার কুচি।

এমন অভিনব কায়দায় ছোলা বিক্রি দেখে চেখে নিচ্ছেন অনেকেই। শিশু থেকে শুরু করে নানা শ্রেণি-পেশার মানুষ বেশ আগ্রহ নিয়েই রেন্টুর সেদ্ধ ছোলা কিনছেন। অভিনব কায়দায় তৈরি ছোলা শহরের বাস টার্মিনাল আর রেলস্টেশন এলাকায় ফেরি করে বিক্রি করছেন রেন্টু। আয়ও মন্দ নয় বলেই তিনি জানালেন।