ওলামা লীগ সরকারি দলের অঙ্গসংগঠন কি না, ব্যাখ্যা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত (বাঁয়ে) l ছবি: প্রথম আলো
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত (বাঁয়ে) l ছবি: প্রথম আলো

ওলামা লীগ সরকারি দল আওয়ামী লীগের অঙ্গসংগঠন কি না এবং তাদের বক্তব্য সরকারি দলের কি না, আওয়ামী লীগের কাছে তার ব্যাখ্যা দাবি করেছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।
গতকাল সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এই ব্যাখ্যা দাবি করা হয়। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।
সংবাদ সম্মেলনে বলা হয়, সরকারি দলের নাম ভাঙিয়ে ওলামা লীগ সরকারবিরোধী, দেশবিরোধী, ধর্মবিরোধী অপতৎপরতা চালাচ্ছে। সরকারি চাকরিতে নিয়োগ, পদোন্নতির নামে হিন্দু তোষণ করা হচ্ছে বলে তারা বক্তব্য দিয়েছে। গত ২৪ ডিসেম্বর দলটি পাঠ্যপুস্তক থেকে হিন্দু লেখকদের লেখা বাতিলের দাবি জানায়। এমনকি চলমান শিক্ষানীতিকে ইসলামবিরোধী বলে উল্লেখ করে তা বাতিলের দাবি জানায়। এর আগে পয়লা বৈশাখবিরোধী বক্তব্যও দিয়েছে ওলামা লীগ।
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বলেছে, আওয়ামী ওলামা লীগের এ ধরনের বক্তব্যে জনমনে নানা প্রশ্ন ও উদ্বেগ জন্মেছে। এতে জনগণ বিভ্রান্ত হয়েছে। সরকার ও সরকারি দলের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, কোনো প্রকার মিথ্যা, কুরুচিপূর্ণ, ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে ধর্মীয়, জাতিগত ও আদিবাসী জনগোষ্ঠীকে তাদের অধিকার থেকে বিচ্যুত করা যায়নি, ভবিষ্যতেও করা যাবে না। সম্মেলনে উপস্থিত ছিলেন নিমচন্দ্র ভৌমিক, কাজল দেবনাথ, সুব্রত চৌধুরী, মিলন দত্ত প্রমুখ।