ওলামা লীগের সভাপতিকে গলা কেটে হত্যা!
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ওলামা লীগের সভাপতি কাজী জানে আলম জেহাদীকে বিয়ে পড়ানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত শুক্রবার রাতে হত্যার পর সন্ত্রাসীরা তাঁর লাশ উপজেলার হীরনছনখিলা সেতুর নিচে ফেলে পালিয়ে যায়। গতকাল শনিবার সকালে এলাকাবাসীর কাছে খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে জানে আলম জেহাদীর (৪০) পানিতে ভাসমান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহত জেহাদীর স্ত্রী হালিমা হাফিজ থানায় হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।থানার পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গৌরীপুর উপজেলা ওলামা লীগের সভাপতি ও ডৌহাখলা ইউনিয়নের কাজী জানে আলম জেহাদীকে গত শুক্রবার রাত ১১টার দিকে দুই যুবক তাঁর কলাদিয়া গ্রামের বাড়ি থেকে পার্শ্ববর্তী হীরনছনখিলা গ্রামের আবু সিদ্দিকের ছেলে আজিজুলের বিয়ে পড়ানোর কথা বলে ডেকে নিয়ে যায়। এরপর আর তিনি রাতে বাড়ি ফেরেননি। গতকাল শনিবার ভোরে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে হীরনছনখিলা সেতুর কাছে জবাই করা আলম জেহাদীর লাশ পানিতে ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে থানার পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে।নিহত জেহাদীর স্ত্রী হালিমা হাফিজ জানান, ‘তাঁর কোনো শত্রু আছে বলে আমার জানা নেই। কিন্তু কেন তাঁকে এমন নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা বুঝতে পারছি না।’ হত্যাকাণ্ডের খবর পেয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ রায়হান, গৌরীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুল হান্নান ও গৌরীপুর উপজেলার চেয়ারম্যান আলী আহমেদ খান সেলভী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।গৌরীপুর থানার ওসি দীপক চন্দ্র মজুমদার জানান, বিয়ে পড়ানোর কথা বলে দুই যুবক বাড়ি থেকে ডেকে নিয়ে জবাই ও ছুরিকাঘাত করে তাঁকে হত্যা করে ব্রিজের নিচে লাশ ফেলে যায়। তাঁর গলা কেটে এবং বুকে ও নাভির নিচে ছুরিকাঘাত করে হত্যার চিহ্ন রয়েছে। তিনি বলেন, তবে কেন তিনি খুন হলেন, এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো ‘ক্লু’ পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের নামে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন।