ওলিয়ারের খুনিদের গ্রেপ্তারে সময়সীমা
যশোরের অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোল্যা ওলিয়ার রহমানের খুনিদের আগামী ৯ জুনের মধ্যে গ্রেপ্তারের সময়সীমা বেঁধে দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। গত বৃহস্পতিবার উপজেলা সদর নওয়াপাড়ায় এক সমাবেশ থেকে এ সময়সীমা দেওয়া হয়।
শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবদুল ওহাবের সভাপতিত্বে ওই সমাবেশে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার প্রধান অতিথির বক্তব্য দেন।
শেখ আবদুল ওহাব বলেন, মোল্যা ওলিয়ার রহমানের খুনিরা কারা তা স্পষ্ট। গ্রেপ্তারকৃত আসামিদের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিতে যাঁদের নাম এসেছে, তাঁদের আগামী ৯ জুনের মধ্যে গ্রেপ্তার করতে হবে। এতে প্রশাসন ব্যর্থ হলে ১০ জুন জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হবে। এ আন্দোলনের মাধ্যমে ওলিয়ারের খুনিদের বিচারের দাবি আদায় করা হবেই।
গত ২৩ নভেম্বর সকালে উপজেলা পরিষদের কাছে নওয়াপাড়া বাইপাস সড়কে মোটরসাইকেল আরোহী তিন সন্ত্রাসী মোল্যা ওলিয়ার রহমানকে গুলি করে হত্যা করে।
আন্দোলন-সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ওলিয়ার রহমানকে হত্যার পর ওই দিন নওয়াপাড়ায় হরতাল পালিত হয়। এরপর উপজেলা আওয়ামী লীগ, নওয়াপাড়া প্রেসক্লাব এবং ১২টি শ্রমজীবী ও পেশাজীবী সংগঠন মানববন্ধন, সমাবেশ, বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি পেশ কর্মসূচি পালন করে। আন্দোলনের ধারাবাহিকতায় গঠিত হয় ‘ওলিয়ার রহমান হত্যার বিচারের দাবি আদায়ের সংগ্রাম কমিটি’। কমিটির ডাকে ৩ ডিসেম্বর নওয়াপাড়ায় হরতাল পালিত হয়। এরপর সংগ্রাম কমিটি ১০ ও ১১ ডিসেম্বর নওয়াপাড়ায় ৩৬ ঘণ্টার হরতালের ডাক দেয়।