ওশান গ্রুপের এমডির বিরুদ্ধে মামলা করছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওশান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খন্দকার আলী আজম বাবলার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও ভুয়া তথ্য দিয়ে পত্রিকার ডিক্লারেশন চাওয়ার অভিযোগ দুদকের প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ হওয়ায় সম্প্রতি কমিশন এ অনুমোদন দেয়।

আজ সোমবার দুদকের উপসহকারী পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মামলা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন। চলতি সপ্তাহের যেকোনো দিন মামলাটি করা হবে বলেও জানান তিনি। তিনি সাংবাদিকদের বলেন, ওশান গ্রুপের এমডি মিথ্যা তথ্য দিয়ে একটি পত্রিকার জন্য ঢাকা জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। সেখানে তিনি যেসব তথ্য দিয়েছেন তা ভুয়া। এমন অভিযোগ দুদকে এলে তা যাচাই-বাছাই করে অনুসন্ধান শুরু করা হয়। অনুসন্ধানে এসব অভিযোগ প্রমাণ হওয়ায় দণ্ডবিধির ৪৬৭,৪৬৮, ৪৭১ ও ৪২০ ধারায় মামলা করার অনুমোদন দিয়েছে কমিশন।
খন্দকার আলী আজম বাবলার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগও অনুমোদন করা মামলায় রয়েছে বলেও জানান তিনি। অবৈধ সম্পদের পরিমাণ জানতে চাইলে অনুসন্ধান কর্মকর্তা জানান, মামলা করার পর তা জানানো হবে।