পিরোজপুরের জিয়ানগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন আছে, আছেন চিকিৎসকও। কিন্তু ওষুধ, শয্যা ও যন্ত্রপাতি নেই। এ কারণে রোগীরা এলে চিকিৎসকেরা তাঁদের হাতে শুধু ব্যবস্থাপত্র ধরিয়ে দিয়ে দায়িত্ব শেষ করেন। এতে এখানে এসে রোগীরা ক্ষোভ নিয়ে ফিরে যাচ্ছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, চারদলীয় জোট সরকারের আমলে জিয়ানগর সদরে পাঁচ একর জমির ওপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়। ২০০৮ সালের প্রথম দিকে ভবন নির্মাণের কাজ শেষ হয়। এটি নির্মাণে ছয় কোটি টাকা ব্যয় করা হয়। ২০০৯ সালে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হলেও অন্তর্বিভাগ, বহির্বিভাগ ও জরুরি বিভাগ চালু করা হয়নি। দেওয়া হয়নি কোনো যন্ত্রপাতি। স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনের নিচতলায় বসে চিকিৎসকেরা রোগীদের শুধু ব্যবস্থাপত্র দেন।গত মঙ্গলবার সরেজমিনে উপজেলার চণ্ডিপুর এলাকার ফোরকান মিয়ার সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘অসুস্থ বউরে লইয়া ডাক্তারের দারে (কাছে) আইছিলাম, হে এটটা কাগজ (ব্যবস্থাপত্র) আতে ধরাইয়া দেছে। এহন পরীক্ষা হরতে পিরোজপুর যাওয়া লাগবে। এত বড় এটটা হাসপাতালের ডাক্তাররা যদি একখান কাগজ আতে ধরাইয়া দেয় তাইলে ক্যামনে চলবে।’জিয়ানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান জানান, এ উপজেলায় সোয়া লাখ মানুষের বসবাস। অসুস্থ হয়ে পড়লে লোকজনকে নদী পার হয়ে ১৮ কিলোমিটার দূরে পিরোজপুর শহরে যেতে হয়। জিয়ানগর স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ সরবরাহ এবং অন্তর্বিভাগ ও বহির্বিভাগ চালুর দাবিতে এলাকাবাসী এপ্রিলের শেষের দিকে মানববন্ধন করেছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক শাখা সূত্রে জানা গেছে, এখানে চিকিৎসকের ১০টি পদের বিপরীতে পাঁচজন এবং কর্মকর্তা-কর্মচারীর ৭১টি পদের বিপরীতে মাত্র ৫৮ জন কর্মরত আছেন। এখানে দুজন চিকিৎসা কর্মকর্তা, একজন করে গাইনি ও সার্জারি বিশেষজ্ঞ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজ করছেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস জানান, এখানে প্রতিদিন দেড় থেকে ২০০ লোক চিকিৎসা নিতে আসে। কিন্তু অন্তর্বিভাগ চালু ও ওষুধ সরবরাহ না করায় চিকিৎসকেরা রোগীদের শুধু ব্যবস্থাপত্র দিতে পারছে। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বেশ কয়েকবার জানিয়েছেন।পিরোজপুরের সিভিল সার্জন মো. আবদুল গনি বলেন, ‘অনুমোদন না থাকায় জিয়ানগর স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তর্বিভাগ, বহির্বিভাগ ও জরুরি বিভাগ চালু করা যাচ্ছে না। তবে অনুমোদন পাওয়ার জন্য আমরা চেষ্টা করছি।’