ওষুধ ও পত্রিকার গাড়িতে হামলা
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ৭২ ঘণ্টা অবরোধের প্রথম দিন গতকাল শনিবার সংবাদপত্র ও ওষুধ বহনকারী গাড়িতে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পত্রিকার গাড়ি আটকে দেওয়ায় কয়েকটি স্থানে পত্রিকা পৌঁছাতে পারেনি। হামলার শিকার হয়েছেন একজন সংবাদকর্মী। সাংবাদিক ও সংবাদপত্র বহনকারী গাড়ি হরতাল-অবরোধের আওতামুক্ত হলেও হরতাল-অবরোধ সমর্থকেরা তা মানছেন না।
ঢাকার বাইরে সংশ্লিষ্ট এলাকার প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
গতকাল সাতক্ষীরায় জামায়াত-শিবিরের কর্মীদের হামলায় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি ইয়ারব হোসেন গুরুতর আহত হয়েছেন। তাঁকে পিটিয়ে ও কুপিয়ে হাত-পা ভেঙে দেওয়া হয়েছে। মাথায় গুরুতর জখম হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সাংবাদিক আবুল হোসেন জানান, পেশাগত কারণে ইয়ারব হোসেনসহ তাঁরা তিনজন একটি মোটরসাইকেলে সাতক্ষীরা সদর থানার তুজুলপুর গ্রাম থেকে শহরে আসছিলেন। পথে উত্তর দেবনগর এলাকায় জামায়াত-শিবিরের পিকেটাররা তাঁদের মোটরসাইকেল থামিয়ে ইয়ারবকে মারধর করতে থাকেন। একপর্যায়ে তাঁকে নিয়ে চলে যান। পরে পুলিশ ও বিজিবির সদস্যরা তাঁকে উত্তর আখড়াখোলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করেন।
লক্ষ্মীপুর থেকে রায়পুরগামী প্রথম আলো পত্রিকাবাহী একটি গাড়ি গতকাল সকালে সোনাইমুড়ি এলাকায় আটকে দেন অবরোধকারীরা। এদিকে সন্ধ্যায় সোনাইমুড়ি থেকে ফেরার পথে নাথেরপেটুয়া এলাকায় ওই গাড়িতে আগুন ধরিয়ে দেন অবরোধকারীরা। একই দিন মাইজদী, সেনবাগ, চন্দ্রগঞ্জসহ আরও কয়েকটি স্থানে পত্রিকা বিলিতে বাধা দেন তাঁরা।
খুলনায় অবরোধকারীরা নগরের মৌলভীপাড়া মোড়ে গতকাল সকাল সাড়ে আটটার দিকে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটান। এ সময় তাঁরা স্লোগান দিয়ে আবুল খায়ের নামের এক হকারের কাছে থাকা অর্ধশত কপি প্রথম আলো পত্রিকা ছিনিয়ে নেন এবং তাতে আগুন ধরান। তাঁরা আবুলের বাইসাইকেলটিও ভেঙে ফেলেন।
রাজশাহীতে অবরোধ শুরুর আগেই দুর্বৃত্তরা শুক্রবার দিবাগত রাত একটার দিকে নগরের মতিহার থানা এলাকার দেওয়ানপাড়ায় একটি ওষুধের গাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছে। এ সময় অবরোধ-সমর্থকদের ইটের আঘাতে গাড়ির চালক আহত হয়েছেন।
ফায়ার সার্ভিসের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেশন কর্মকর্তা এনায়েতুল হক বলেন, অগ্নিসংযোগের পর গাড়ির চালক আহত অবস্থায় দৌড়ে প্রায় এক কিলোমিটার দূরে তাঁদের স্টেশনে এসে খবর দেন। তাঁরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সকালে গিয়ে দেখা গেছে, আগুনে গাড়ির ভেতর থাকা সব ওষুধ পুড়ে নষ্ট হয়ে গেছে। গাড়িটি কোন কোম্পানির, তা জানা যায়নি।