ওষুধ কারখানা ইজারা দেওয়ার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন ফার্মাসিউটিক্যালস বেসরকারি খাতে ইজারা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গতকাল সোমবার করপোরেশনের মাসিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আট বছর আগে সাগরিকায় এ ওষুধ কারখানা করা হয়। তবে এখানে কোনো ওষুধ উৎপাদন হয়নি।ওয়ার্ড কাউন্সিলর এ এফ কবির আহমদ প্রথম আলোকে বলেন, ‘সিটি করপোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। আমাদের কাজ ব্যবসা করা নয়। তাই সিটি করপোরেশন ওষুধ কারখানা বেসরকারি খাতে ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ২০০৩ সালে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে সাগরিকায় স্থাপন করা হয় ওষুধ কারখানা সিটি করপোরেশন ফার্মাসিউটিক্যালস। কিন্তু ওষুধ উৎপাদনের অনুমতিপত্র (লাইসেন্স) না থাকায় সরকার সিটি করপোরেশনকে সেটি চালুর অনুমতি দেয়নি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, সিটি করপোরেশনের নামে ওষুধ উৎপাদনের অনুমতিপত্র দেওয়া হবে না। পরে সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী নিজের এবং তাঁর মেয়েজামাই ও সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরীর নামে ওষুধ উৎপাদনের অনুমতিপত্র নেওয়ার চেষ্টা করেন। তাতেও তাঁরা ব্যর্থ হন। জানা গেছে, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ ফার্মাসিউটিক্যালস নিয়ে একটি তদন্ত প্রতিবেদন দেয়। এতে বলা হয়, কারখানায় স্থাপিত সব যন্ত্রপাতিই ওষুধ উৎপাদনের অনুপযোগী।জানা গেছে, ওষুধ উৎপাদনে যেতে না পারলেও ২০০৩ সাল থেকে এ ওষুধ কারখানায় একজন প্রকল্প পরিচালকসহ ১৬ জন কর্মকর্তা-কর্মচারীকে মাসিক বেতন-ভাতা পরিশোধ করছে সিটি করপোরেশন। তাঁদের জন্য প্রতিমাসে সিটি করপোরেশন থেকে প্রায় দুই লাখ টাকা পরিশোধ করা হয়। এ হিসাবে প্রতিবছর ২৪ লাখ এবং গত আট বছরে প্রায় দুই কোটি টাকা কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া হয়েছে।