ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড একজন নিহত
বরিশাল নগরের এক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সেখানকার এক শ্রমিক শ্বাসরোধ হয়ে মারা গেছেন। গত রোববার নগরের কবি জীবনানন্দ দাশ সড়কে অপসোনিনের কারখানায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের নাম নেছার উদ্দিন প্যাদা (৪৮)। তাঁর বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চিকনিকান্তি এলাকায়। এ ঘটনায় আরও চারজন শ্রমিক আহত হন। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অপসোনিন কর্তৃপক্ষ জানায়, দিবাগত রাত সোয়া দুইটার দিকে কারখানায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের সময় কারখানায় শ্রমিক কম ছিলেন। তবে রংমিস্ত্রী নেছার উদ্দিন এ সময় ধোঁয়ায় অজ্ঞান হয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমান তাঁকে মৃত ঘোষণা করেন।
অপসোনিন ফার্মার কারখানা ব্যবস্থাপক এবং অতিরিক্ত উৎপাদন কর্মকর্তা সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, অগ্নিকাণ্ডে কারখানার পঞ্চম ও ষষ্ঠ তলার ওষুধ তৈরির মেশিন, তৈরি করা ওষুধ, উপকরণ ও আসবাব সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া নিহত শ্রমিকের পরিবারকে প্রাথমিকভাবে ১ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শাওকাত হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। অন্য কোনো কারণ থাকলেও তা খতিয়ে দেখা হচ্ছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের বরিশালের তিনটি ইউনিট, ঝালকাঠির একটি ও বানারীপাড়া উপজেলার একটি ইউনিট আগুন নেভাতে একসঙ্গে কাজ করে। তবে এর আগেই কারখানার মেশিনসহ অন্যান্য আসবাব পুড়ে যায়। ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য কারখানা কর্তৃপক্ষের কাছে তালিকা চাওয়া হয়েছে।