ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল শ্রমিকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল শহরের বগুড়া রোডে ওষুধ তৈরির প্রতিষ্ঠান অপসোনিনের কারখানায় অগ্নিকাণ্ডে একজন শ্রমিক মারা গেছে। গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে কারখানাটিতে আগুন লাগে। তিন ঘণ্টা পর আজ সোমবার ভোর পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

অপসোনিনের কর্মকর্তা সাইদুর রহমানের ভাষ্য, নিহত ব্যক্তি কারখানার অনিয়মিত শ্রমিক ছিলেন। তাঁর নাম মোহাম্মদ নেছার মৃধা। লাশ বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের বরিশালের দুটি ও ঝালকাঠির তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ব্যাপারে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁদের কাউকে পাওয়া যায়নি।

সাইদুর রহমানের ভাষ্য, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। আগুনে কারখানার ওষুধসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে গেছে। ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় কারখানাটি ছিল। অগ্নিকাণ্ডে আর কেউ দগ্ধ হননি বলে তিনি জানান। তাঁর দাবি, অগ্নিকাণ্ডের সময় অল্প কয়েকজন শ্রমিক ছিলেন। তাঁরা সবাই নেমে এসেছিলেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে তিনি জানান। আগুন লাগায় ধোঁয়ার কারণে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।

ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, অগ্নিকাণ্ডে আর কেউ দগ্ধ হওয়ার খবর তাঁরা পাননি।