ওষুধ কোম্পানির কর্মকর্তাসহ দুজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলায় গত রোববার আনোয়ার হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে হত্যা করে তাঁর মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আনোয়ার স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ইনজেকশন উৎপাদন শাখার জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা ছিলেন।
এিদকে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় গতকাল সোমবার প্রতিপক্ষের মারধরে মুজিবুর রহমান (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
পাবনা সদর থানার পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত ১১টার দিকে আটঘরিয়ার একদন্ত গ্রামের আনোয়ার ও আবদুল মালেক দুটি মোটরসাইকেল নিয়ে শহর থেকে গ্রামে ফিরছিলেন। আবদুল মালেক আগে ও আনোয়ার কিছুটা পেছনে ছিলেন। সদর উপজেলার শালাইপুর এলাকায় দুর্বৃত্তরা সড়কে রশি টানিয়ে প্রথমে মালেকের মোটরসাইকেলের গতি রোধ করে। তিনি ছিটকে পড়লে তাঁকে সড়কের পাশের একটি কাঁঠালগাছের সঙ্গে হাত, পা ও মুখ বেঁধে আটকে রাখা হয়। এর মধ্যে আনোয়ার ঘটনাস্থলে পৌঁছালে তাঁকে পাশের একটি লিচুবাগানে নিয়ে শ্বাসরোধে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে তারা দুটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। প্রায় তিন ঘণ্টা পর রাত দুইটার দিকে মালেক তাঁর মুখের বাঁধন খুলে চিৎকার শুরু করেন। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করেন এবং আনোয়ারের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল ছিনতাইয়ের জন্যই এই হত্যাকাণ্ড হয়েছে।
কাজীপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মাজনাবাড়ি গ্রামে গতকাল দুপুরে বাড়ির পাশের পানিতে পাট জাগ দেওয়াকে কেন্দ্র করে মুজিবুরের সঙ্গে তাঁর চাচাতো ভাই দুলাল হোসেনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ খবরে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা, দা, শাবল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে মুজিবুরসহ উভয় পক্ষের পাঁচজন আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে মুজিবুর মারা যান।