ওষুধ কোম্পানির প্রতিনিধিদের পাঁচ দফা দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ দফা দাবিতে বেসরকারি ওষুধ কোম্পানির প্রতিনিধিরা বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন। তাঁদের সংগঠন ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশনের (ফারিয়া) উদ্যোগে গতকাল মঙ্গলবার এ কর্মসূচি পালিত হয়।

ফারিয়ার ঘোষিত দফাগুলো হলো সরকারঘোষিত বেতন স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন প্রদান, চাকরির নিশ্চয়তা প্রদান, ফারিয়াকে সরকারি স্বীকৃতি, দ্রব্যমূল্যের সঙ্গে সমন্বয় রেখে পরিবহন ভাতা (টিএ) ও দৈনিক ভাতা (ডিএ) নির্ধারণ এবং সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে ছুটি প্রদান।

আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

হবিগঞ্জ : গতকাল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়। সভায় বক্তারা বলেন, ফারিয়া মানবসেবায় কাজ করে যাচ্ছে। অথচ তাদের সাপ্তাহিক ছুটি নেই। বেতন নিয়েও আছে বৈষম্য। সভায় সংগঠনের জেলা সভাপতি সাজিদুর রহমান সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সংগঠনের সদস্য কামরুল ইসলাম,  মোহাম্মদ হাসান, কাজী রাকিব, জুনেদ আহমেদ, মো. সোহেল, প্রবীর দাশ প্রমুখ।

মৌলভীবাজার : ফারিয়ার সদর উপজেলা শাখা গতকাল বেলা ১১টার দিকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। এতে বক্তব্য দেন সংগঠনের সদর উপজেলা কমিটির আহ্বায়ক কামরুজ্জামান জুয়েল, সদস্য মোশাররফ হোসেন, বাণী চন্দ্র শীল, এম শিমুল, এনামুল হোসেন, নাজমুল হোসেন প্রমুখ।

সুনামগঞ্জ: গতকাল বেলা ১১টার দিকে পৌর শহরের হুসেন বখত চত্বর এলাকায় মানববন্ধন হয়। এতে বক্তব্য দেন সংগঠনের জেলা কমিটির সভাপতি নিরঞ্জন দত্ত, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সদস্য কিরণ চন্দ্র সাহা, নীহার তালুকদার, আবদুল মান্নান, মুরাদ আহম্মেদ খাঁ, জিয়াউর রহমান প্রমুখ।