ওষুধ কোম্পানির কর্মকর্তাকে কুপিয়ে জখম, মামলা
চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা পিরোজপুর শহরে এমিকো নামের একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে। এ ঘটনায় ওই কর্মকর্তা গত রোববার পিরোজপুর সদর থানায় মামলা করেছেন। আহত কর্মকর্তার নাম কে এম মোর্শেদুর রহমান (৩০)। তিনি এমিকো ওষুধ কোম্পানির পিরোজপুর জেলা সদরের বিক্রয় প্রতিনিধি। মামলার এজাহার সূত্রে জানা গেছে, পিরোজপুরের বৈদ্ধবাড়ীর মোড় এলাকায় ১২ অক্টোবর সাকিল, ইমান আলী, সম্রাট সিকদার, হানিফ, লিটনসহ কয়েকজন মোর্শেদুর রহমানের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় তারা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। ওই সময় তাঁকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা এস দাস জানান, কে এম মোর্শেদুর রহমানের দুই হাত, পেট, পিঠ, পাসহ শরীরের বিভিন্ন স্থানে কোপের আঘাত রয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, কে এম মোর্শেদুর রহমানের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।