ওষুধ কোম্পানির কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরে ওষুধ কোম্পানির এক কর্মকর্তাকে কুপিয়ে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার শহরের ঘোপ কবরস্থান মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার আশরাফুজ্জামানকে (৩০) গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি অপসোনিন ফার্মা লিমিটেডের যশোর ডিপোতে হিসাব কর্মকর্তা হিসেবে কর্মরত। তাঁর বাড়ি বাঘারপাড়া উপজেলার পুকুরিয়া গ্রামে। এ ঘটনায় কোম্পানির যশোর ডিপো ইনচার্জ আমিনুল ইসলাম মালিক কোতোয়ালি থানায় মামলা করেছেন।

পুলিশ ও কোম্পানির কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, ওষুধ বিক্রির ৫ লাখ ৪৫ হাজার টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য গতকাল উপশহর এলাকার ডিপো কার্যালয় থেকে রিকশায় করে যাচ্ছিলেন আশরাফুজ্জামান ও হিসাব কর্মকর্তা এহতেশামুল হাসান। বেলা ১১টার দিকে ঘোপ কবরস্থান মসজিদের পাশে পৌঁছালে একটি মোটরসাইকেলে তিন ব্যক্তি এসে রিকশার গতিরোধ করেন। তাঁরা আশরাফুজ্জামানের ডান হাতের কবজিতে চাপাতির কোপ দিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, ছিনতাইকারীদের গ্রেপ্তার করে টাকা উদ্ধারের চেষ্টা চলছে।