ওষুধ কোম্পানির টাকা ছিনতাই
রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে মোহাম্মদপুর থানাধীন এলাকা থেকে একমি ল্যাবরেটরিজের পাঁচ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা করা হয়। তবে একমি ল্যাবরেটরিজের কর্মকর্তারা অভিযোগ করেন, এ মামলা নিতে নানা টালবাহানা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে মোহাম্মদপুর থানার পুলিশ।একমির কর্মকর্তারা জানান, প্রতিদিনের মতো গতকাল দুপুরে কল্যাণপুরে একমি ল্যাবরেটরিজের অফিস থেকে টাকা তুলতে ন্যাশনাল ব্যাংকের সাতমসজিদ শাখায় যান অফিসের পিয়ন গোলাম কিবরিয়া ও চালক খোকা। টাকা তুলে নিয়ে আসার পথে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে যানজটের মধ্যে ছয় ছিনতাইকারী গাড়ি ঘিরে দাঁড়ায়। তারা অস্ত্রের মুখে গাড়ির জানালার কাচ খুলতে বাধ্য করায়। এরপর তারা দরজা খুলে টাকার ব্যাগ ও গাড়ির চাবি নিয়ে রাস্তার পাশে রাখা তিনটি মোটরসাইকেলে পালিয়ে যায়।