ওষুধ কোম্পানির প্রতিনিধি পাঁচ মাস নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় মোস্তাফিজুর রহমান (৪৫) নামে ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধি প্রায় পাঁচ মাস নিখোঁজ। ফলে বিপাকে পড়েছে তাঁর পরিবার। অর্থের অভাবে ইতিমধ্যে তাঁর দুই সন্তানের পড়ালেখা বন্ধ হয়ে গেছে।
মোস্তাফিজুর বাগেরহাট সদর উপজেলার গোরম্বা গ্রামের আবদুস সালামের ছেলে এবং ঢাকার হোমিওপ্যাথিক ওষুধ কোম্পানি রিফাইনের বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলের (চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া জেলা) বিক্রয় প্রতিনিধি ছিলেন। তিনি চুয়াডাঙ্গা শহরের থানা কাউন্সিল পাড়ার নাজমুল ইসলামের বাড়ির ভাড়াটে ছিলেন। সেখানেই স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকতেন। মেয়ে ফাতেমাতুজ্জোহরা (১৪) চুয়াডাঙ্গা এম এ বারী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ও ছেলে রাকিব হাসান (৮) আইডিয়াল কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির ছাত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, ওষুধের বকেয়া টাকা আদায়ের জন্য মোস্তাফিজুর গত ১৫ জুন সকাল সাতটায় চুয়াডাঙ্গা শহরের ভাড়া বাসা থেকে মেহেরপুরের উদ্দেশে বের হন। এরপর আর ফেরেননি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়ে তাঁকে (মোস্তাফিজুর) না পেয়ে স্ত্রী কোহিনুর বেগম ১৭ জুন রাতে চুয়াডাঙ্গা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
কোহিনুর বেগম জানান, গত ১৪ জুন রাতে তাঁর স্বামী মেহেরপুরে ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা সে সময় মোস্তাফিজুরের কাছ থেকে ১০ হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেয়। ছিনতাইকারীদের একজন তাঁর পরিচিত বলে মনে হয়েছে। পরিচিতজনের হাতে ছিনতাইয়ের শিকার হওয়ায় ওই দিন তিনি সারা রাত ঘুমাননি। পরদিন ১৫ জুন সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিখোঁজ হওয়ায় পরিবারের সদস্যরা চরম অভাব-অনটনের মধ্যে দিন কাটাচ্ছেন। প্রথম প্রথম বাড়ির অন্য ভাড়াটে ও প্রতিবেশীরা সহযোগিতার হাত বাড়ালেও একপর্যায়ে তা থেমে যায়। ফলে সন্তানদের পড়াশোনা বন্ধ হয়ে যায়। নিরূপায় হয়ে কিছুদিন পর কোহিনুর বেগম তাঁর বাবার বাড়ি খুলনার পুরা বানিয়া খামার গ্রামে চলে যান।
এ ব্যাপারে কোহিনুর বেগম গতকাল বৃহস্পতিবার দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে জানান, সম্ভাব্য সব চেষ্টা করেও স্বামীর সন্ধান পাওয়া যায়নি। পুলিশ আন্তরিক হলে মোস্তাফিজুরের ব্যক্তিগত মুঠোফোন নম্বর ট্র্যাকিং করেই তাঁর অবস্থা জানতে পারত। তিনি বলেন, ‘স্বামী না থাকায় বাড়িভাড়ার পাশাপাশি সন্তানদের খাওয়া-পরা নিয়ে অনিশ্চয়তায় পড়ি। অর্থাভাবে তাদের পড়াশোনাও বন্ধ হয়ে যায়। বাবার বাড়িতে থাকলেও সন্তানদের এখন পর্যন্ত কোনো স্কুলে ভর্তি করতে পারিনি।’
এ ব্যাপারে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, নিখোঁজ মোস্তাফিজুরের সন্ধানে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং তা অব্যাহত রয়েছে।