ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি ও স্ত্রীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শ্যামলীপাড়া এলাকার একটি বাসা থেকে গতকাল শনিবার বিকেলে এক দম্পত্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁরা হলেন সাইফুল ইসলাম (৩৫) ও নুরহাজান বেগম (৩০)। সাইফুল একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যামলীপাড়ায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মো. ইকবালের নিজস্ব বাসার নিচতলায় দুটি কক্ষ ভাড়া নিয়ে পাঁচ মাস ধরে বসবাস করতেন সাইফুল ইসলাম ও তাঁর স্ত্রী। সাইফুল পপুলার ফার্মাসিউটিক্যালস কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তাঁদের দুজনের বাড়ি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার হরিপুর গ্রামে।
বাড়ির মালিক মো. ইকবাল জানান, দুপুরে তাঁদের ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হওয়ার পর তিনি পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, একটি কক্ষের বিছানায় দুটি মরদেহ পড়ে আছে। পাশে পড়ে আছে চারটি বড় বড় ইনজেকশনের সিরিঞ্জ, কীটনাশকের দুটি বোতল। নুরজাহান বেগমের বাম হাতে লাগানো একটি ক্যানোলা। নাকে গজ গোঁজা। নাকের পাশে বিছানায় রক্তের দাগ।
মো. ইকবাল প্রথম আলোকে বলেন, ‘উদ্ধার হওয়া ইনজেকশনের সিরিঞ্জে রয়েছে তরল কীটনাশক। ওই কীটনাশক ব্যবহার করে তাঁরা আত্মহত্যা করেছেন বলে মনে হয়।’
বাসার তৃতীয় তলার বাসিন্দা অপর একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি মো. শাহ আলম প্রথম আলোকে জানান, শুক্রবার রাত ১০ টায় সাইফুল ইসলামের সঙ্গে তাঁর শেষ কথা হয়। এ সময় সাইফুল জানান, তাঁর ডায়রিয়া হয়েছে।
মাধবপুর থানার ওসি অমল কুমার ধর জানান, ঘটনাস্থল থেকে একটি ডায়েরি উদ্ধার করা হয়েছে। তাতে চিরকুটে লেখা, ‘আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’। এর ভিত্তিতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুজনই আত্মহত্যা করেছেন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে অপমৃত্যুর মামলা করা হয়েছে।