ওষুধ গেল কোথায়, তদন্তে কমিটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ওষুধ রোগীদের দেওয়া হয় না। ব্যবস্থাপত্র ধরিয়ে দিয়ে বাইরে থেকে কিনে আনতে বলা হয়। আবার রোগীর ব্যবস্থাপত্রের বিপরীতে হাসপাতালের ভান্ডার থেকে ওষুধ বিতরণ দেখানো হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সরকারি ওষুধের এই রহস্য উদ্ঘাটনের জন্য গত বৃহস্পতিবার রাজশাহীর দুই সাংসদ হাসপাতালে যান।রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা ও রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের ওমর ফারুক চৌধুরী বৃহস্পতিবার হাসপাতাল ঘুরে পরিচালকের কাছে ওষুধ চুরির কাহিনি তুলে ধরে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। পরিচালক বিষয়টি তদন্তে কমিটি গঠন করেছেন।হাসপাতালের সূত্রমতে, ১২ ফেব্রুয়ারি হাসপাতালের অর্থোপেডিক বিভাগের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি হন সড়ক দুর্ঘটনায় আহত নগরের দড়িখবনা এলাকার আবুল কাশেম। পায়ে অস্ত্রোপচারের জন্য তাঁকে ২০ ধরনের ওষুধের ব্যবস্থাপত্র দেওয়া হয়। তাঁকে জানানো হয়, হাসপাতালে এসব ওষুধ নেই। কিন্তু অর্থাভাবে ওষুধ কিনতে না পারায় ২২ ফেব্রুয়ারি পায়ে অস্ত্রোপচার হয়নি। আবদুর মমিন বিষয়টি মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মাহাফুজুর রহমানকে জানান। গত বুধবার তিনি ওই ব্যবস্থাপত্র নিয়ে হাসপাতালের ভান্ডারে গিয়ে জানতে পারেন, ব্যবস্থাপত্রের ১৭ ধরনের ওষুধ তাঁদের কাছে রয়েছে এবং ২২ ফেব্রুয়ারি ওই রোগীর জন্য ওষুধ নিয়ে যাওয়া হয়েছে।ভান্ডার থেকে ওষুধ নেওয়ার রসিদের ফটোকপি ও ব্যবস্থাপত্র নিয়ে বৃহস্পতিবার হাসপাতালের পরিচালকের কক্ষে যান সাংসদ ফজলে হোসেন বাদশা ও ওমর ফারুক চৌধুরী। তাঁদের অভিযোগের ভিত্তিতে ডাকা হয় অর্থোপেডিক বিভাগের প্রধান বি কে দাসসহ কয়েকজনকে। এ সময় সিনিয়র ভান্ডাররক্ষক এ বি এম মুনসুর রহমান জানান, ভান্ডারে প্রায় সব ওষুধ মজুদ রয়েছে। তবে চিকিৎসক শহিদুল ইসলাম খান বলেন, ওয়ার্ড ইনচার্জের কাছে জেনে ওষুধ কিনতে বলা হয়েছে। তবে বিষয়টি অস্বীকার করে ওয়ার্ড ইনচার্জ মামুনুর রশিদ বলেন, ভান্ডারের ওষুধের তালিকা চিকিৎসকদের কাছে দেওয়া রয়েছে। ওই ওষুধ কে নিয়েছে সে ব্যাপারে তিনি কিছু জানেন না।হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফ আলম সিদ্দিকী বলেন, ঘটনার তদন্তে কমিটি গঠন করা হয়েছে। জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।