ওষুধ চুরির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওষুধ চুরির ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী গত বুধবার বিক্ষোভ মিছিল ও বুড়িমারী-ঢাকা মহাসড়ক অবরোধ করে। একাধিক সূত্রে জানা গেছে, গত রোববার স্বাস্থ্য কমপ্লেক্সের ওষুধ চুরি করে নেওয়ার সময় বেনজির বেগমকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মূল হোতা স্টোরকিপার সিরাজুল ইসলামসহ দুজনকে আসামি করে হাতীবান্ধা থানায় একটি মামলা হয়। কিন্তু এখন পর্যন্ত এর কোনো সুরাহা না হওয়ায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়।গত বুধবার দুপুরে ‘সচেতন সমাজ’-এর ব্যানারে বিক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ মিছিল শেষে বুড়িমারী-ঢাকা মহাসড়ক অবরোধ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেওয়া হয়।সচেতন সমাজের আহ্বায়ক আ. সামাদ বলেন, ‘তিন দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে লাগাতার কর্মসচি দেওয়া হবে।’ইউএনও মো. আশরাফুজ্জামান স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘সরকারি ওষুধ চুরির ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।’জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম সরকার বলেন, ‘এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী রোববারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ঘটনায় যারাই জড়িত থাক না কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’