ওষুধ তৈরিতে ওয়াসার পানি ব্যবহার করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ১৬৮টি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ৬২টি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা না মেনে ওষুধ তৈরি করে। এগুলোর কোনো কোনোটি ওয়াসার পানি সরাসরি ওষুধ তৈরিতে ব্যবহার করে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।গতকাল রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনে কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, ১২টি প্রতিষ্ঠান বিশ্বমানের ওষুধ তৈরি করছে।প্রতিবেদনে বলা হয়েছে, অধিকাংশ প্রতিষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসম্পন্ন ওষুধ তৈরির নীতিমালা অনুযায়ী মান নিয়ন্ত্রণের জন্য যন্ত্রপাতি বা দক্ষ জনবলের অভাব রয়েছে। ওষুধের গুণগত মান নিয়ন্ত্রণ দূরের কথা, কাঁচামালের পরিচয়ও জানা যায় না। এগুলোর মালামাল সংরক্ষণের জন্য তাপ ও আর্দ্রতা নিয়ন্ত্রণের ব্যবস্থাও নেই। এসব প্রতিষ্ঠান ওয়াসা থেকে সরবরাহ করা পানি সরাসরি ওষুধ তৈরিতে ব্যবহার করে।প্রতিষ্ঠানগুলোর অবস্থা জানার জন্য ২০০৯ সালের ২৯ জুলাই সংসদীয় কমিটির সদস্য নাজমুল হাসানকে প্রধান করে এক সদস্যের উপকমিটি করা হয়। উপকমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ভারপ্রাপ্ত ডিন আ ব ম ফারুককে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট বিশেষজ্ঞ কমিটি গঠন করে। কমিটির অন্য সদস্যদের মধ্যে আছেন এম সাহাবুদ্দিন কবির, আনোয়ারুল ইসলাম, সীতেশ চন্দ্র বাছার ও মো. শওকত আলী। বিশেষজ্ঞ দলকে সহযোগিতা করেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক আলতাফ হোসেন, ড্রাগ টেস্টিং লেবরেটরির বিশ্লেষক এ বি সিদ্দিক ও সংসদ সচিবালয়ের সহকারী সচিব দিদারুল আলম চৌধুরী। ২০০৯ সালের শেষ থেকে ২০১১ সালের শুরু পর্যন্ত বিশেষজ্ঞ দল প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করে।আ ব ম ফারুক জানান, বিশেষজ্ঞ কমিটি প্রায় ৫০০ পৃষ্ঠার প্রতিবেদন সংসদীয় উপকমিটির কাছে জমা দিয়েছে। ওই প্রতিবেদনে ভালো-মন্দ সব প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য আছে। তবে গতকাল সংসদীয় কমিটিতে ২০ পৃষ্ঠার যে প্রতিবেদন উপস্থাপন করা হয়, তাতে কোনো প্রতিষ্ঠানের নাম নেই। তাতে বলা হয়েছে, সারা দেশের বাজারে নকল ও ভেজাল ওষুধ সহজে পাওয়া যায়, বেশি পাওয়া যায় গ্রামে। গ্রামে এমন কিছু ওষুধ বিক্রি হয়, যা শহরে দেখা যায় না। এর সঙ্গে একটি অপরাধচক্র জড়িত। দুর্বল নজরদারি, গণসচেতনতার অভাব এবং আইনি দুর্বলতার কারণে এদের রোধ করা সম্ভব হচ্ছে না।প্রতিবেদনে বলা হয়েছে, ওষুধ প্রশাসন অধিদপ্তরে নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ১৬৮টি। এর মধ্যে চালু আছে ১৫১টি এবং বন্ধ ১৭টি। ১২টি বিশ্বমানের ওষুধ তৈরি করে। ১০টির উৎপাদনব্যবস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালার সঙ্গে সংগতীপূর্ণ। দেশে বহুজাতিক ওষুধ কোম্পানির বাজার মাত্র ১০ শতাংশ। অন্যদিকে দেশি প্রতিষ্ঠানের বাজার ৯০ শতাংশ। এগুলোর মধ্যে প্রথম ২০টি প্রতিষ্ঠানের বাজার ৮৫ শতাংশ।ভেজাল প্রতিরোধ করার জন্য আন্তমন্ত্রণালয় টাস্কফোর্স গঠনের সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। অধিদপ্তরে জনবল বৃদ্ধি, ওষুধের কারখানায় নিয়মিত পর্যবেক্ষণের সুপারিশও তাতে আছে।শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, মোহাম্মদ আমানউল্লাহ, এম এ মান্নান, মতিউর রহমান, আনোয়ার হোসেন, নাজমুল হাসান এবং জেড আই এম মোস্তফা আলী উপস্থিত ছিলেন। শেখ সেলিম প্রথম আলোকে বলেন, উৎপাদনের শর্ত মেনে যেসব প্রতিষ্ঠান উৎপাদন ও বিপণন করছে না, তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি শাস্তির সুপারিশ করেছে।ওষুধশিল্প সমিতির সাধারণ সম্পাদক আবদুল মুকতাদির বলেন, সরকার চাইলে ব্যবস্থা নিতে পারে। সমিতি চায়, সবাই নিয়ম-কানুন মেনে চলুক।