ওষুধ তৈরির উপকরণ শৌচাগারে, দুই কারখানাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমোদন ছাড়াই অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ উৎপাদনের দায়ে গত বুধবার রাজধানীর কদমতলী এলাকার দুটি ওষুধ কোম্পানিকে ৭ লাখ টাকা জরিমানা করেন র্যা বের ভ্রাম্যমাণ আদালত।
র্যা ব সূত্র জানায়, দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের নেতৃত্বে র্যা বের ভ্রাম্যমাণ আদালত পূর্ব জুরাইনের কিউরেক্স ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামের একটি ওষুধ কোম্পানিতে অভিযান চালান। বিকেল চারটা পর্যন্ত চলা এই অভিযানে র্যা ব-১০-এর একটি দল ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন। ভ্রাম্যমাণ আদালত দেখতে পান কিউরেক্স ফার্মাসিউটিক্যালসে মেয়াদ উত্তীর্ণ রাসায়নিক উপাদান দিয়ে কিউরাসিপ সিরাপ, কলিফ্লক্সিন-ভেট সিরাপ, কিউরমক্স সিরাপ, টাইডক্সিন প্লাস সিরাপ ও সেফাস্টিন প্লাস পাউডারসহ বিভিন্ন ধরনের ওষুধ উৎপাদন করেছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ রাসায়নিক উপাদান জব্দ করেন। এতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন নেওয়া হয়নি। এর দায়ে ভ্রাম্যমাণ আদালত ওষুধ কারখানাটির মালিক মোস্তফা কামালকে ৫ লাখ টাকা জরিমানা করেন। কারখানাটি সিলগালা করতে নির্দেশ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম প্রথম আলোকে বলেন, কারখানাটিতে উৎপাদন ও মান নিয়ন্ত্রণের জন্য ফার্মাসিস্ট বা কেমিস্ট পাওয়া যায়নি। এই ওষুধ কারখানাটি গবাদিপশুর চিকিৎসায় ব্যবহৃত বিদেশের নামকরা ওষুধ নকল করছে। ওষুধের প্যাকেটের গায়ে লিখিত ব্যাচ নম্বর ও উৎপাদনের তারিখ-সংবলিত রেকর্ডপত্র প্রদর্শন করতে বললে মালিক ও কর্মচারীরা কেউই তা দেখাতে পারেননি
এরপর ভ্রাম্যমাণ আদালত ওই এলাকার পপি ফার্মাসিউটিক্যালস (ইউনানি) নামের ওষুধ কারখানায় অভিযান চালান। সেখানে আদালত দেখতে পান কারখানাটি সঠিকভাবে মান নিয়ন্ত্রণ না করে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ওষুধ উৎপাদন করছে। ওষুধ উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন উপকরণ টয়লেটে রাখা হচ্ছে। এর দায়ে কারখানা মালিক ফারুক হোসেনকে ২ লাখ টাকা জরিমানা করেন।