ওষুধ নকল ছিল কি না তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধ্যাপক এ এস এম জাকারিয়া স্বপনের চিকিৎসায় নকল ওষুধ ব্যবহার করা হয়েছিল কি না, তা তদন্ত করে দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তর ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতিকে তদন্ত করে এই প্রতিবেদন দিতে হবে।
অধ্যাপক জাকারিয়া স্বপন ও মানবাধিকার সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এই রিট আবেদনটি করে। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইদ্রিসুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, আদেশের পাশাপাশি আদালত রুল দেন। ওই চিকিৎসকসহ অন্য রোগীরা নকল ওষুধের শিকার হয়েছেন কি না, তা কেন তদন্ত করা হবে না, নকল ওষুধের জন্য ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কেন ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হবে না এবং এ বিষয়ে কেন নীতিমালা প্রণয়নের নির্দেশনা দেওয়া হবে না, তা রুলে জানতে চাওয়া হয়। স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, বিএমডিসির সভাপতি, স্কয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকসহ নয়জন বিবাদীকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে।
জাকারিয়া স্বপন প্রথম আলোকে বলেন, তিনি ক্যানসারে আক্রান্ত হওয়ায় নিয়মিত কেমোথেরাপি নেন। কেমোথেরাপির প্রথম চারটি ডোজ বিদেশ থেকে নিলেও পঞ্চম ও ষষ্ঠ ডোজ রাজধানীর স্কয়ার হাসপাতালে নেন। শেষের দুটি ডোজ থেকে তিনি কাঙ্ক্ষিত ফল পাননি।
ব্লাস্ট ও জাকারিয়া স্বপন এই রিট আবেদন করেছেন। আবেদনের সঙ্গে দুটি জাতীয় দৈনিকে এ বিষয়ে প্রকাশিত দুটি প্রতিবেদন যুক্ত করা হয়েছে।