ওষুধ নিয়ে রাজনীতি হবে না: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ওষুধের মতো বিষয় নিয়ে কোনো রাজনীতি করা হবে না। নকল ও ভেজাল ওষুধ তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সরকারের নেওয়া পদক্ষেপে ওষুধ কোম্পানিগুলোর সহায়তা চেয়েছেন তিনি।
গতকাল সন্ধ্যায় একটি হোটেলে ‘বাংলাদেশের ওষুধশিল্পের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ ওষুধশিল্প সমিতির ৪৫তম বার্ষিক সাধারণ সভা উপলক্ষে এই সেমিনারের আয়োজন করে সমিতি।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওষুধের দাম নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র ধারণা আছে। মানুষ মনে করে ওষুধের দাম বেশি। তিনি ওষুধশিল্পের নেতাদের উদ্দেশে বলেন, অনেকে কোম্পানি বিশ্বমানের ওষুধ তৈরি করছে। কিন্তু ভুঁইফোড় কিছু কোম্পানি নিম্নমানের ওষুধ তৈরি করছে। সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এ ব্যাপারে তিনি ব্যবসায়ীদের সহায়তা চান।
মূল বক্তব্য উপস্থাপনের সময় বাংলাদেশ ওষুধশিল্প সমিতির সভাপতি নাজমুল হাসান বলেন, বাংলাদেশের ওষুধের বাজার দেড় বিলিয়ন মার্কিন ডলারের। সবচেয়ে বড় সংবাদ হচ্ছে, আগামী পাঁচ মাসের মধ্যে বাংলাদেশের তৈরি ওষুধ যুক্তরাষ্ট্রে পৌঁছাবে। তিনি বলেন, বাজারের নকল ও ভেজাল ওষুধ এই শিল্পের জন্য একটি চ্যালেঞ্জ।
ওষুধশিল্পের ভবিষ্যৎ বর্ণনা করে নাজমুল হাসান বলেন, বাংলাদেশে ওষুধের দাম অনেক দেশের চেয়ে কম। প্রতিবেশী ভারতের চেয়েও বাংলাদেশে ওষুধের দাম কম। বর্তমানে শতাধিক দেশে বাংলাদেশ ওষুধ রপ্তানি করছে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে এই শিল্পে বাংলাদেশের আরও ভালো করার সম্ভাবনা আছে।