ওষুধ নিয়ে শঙ্কায় এইডস রোগীরা
সরকারের দুটি সংস্থার মধ্যে মতের মিল না হওয়ায় ওষুধ প্রাপ্তি নিয়ে আশঙ্কায় ভুগছেন এইডস রোগীরা। আগামী জানুয়ারি মাস থেকে দেশে এইডস রোগীদের জীবনরক্ষাকারী ওষুধ ও সেবা না পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সরকারি হিসাবে বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার এইচআইভি আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তবে এইডস রোগীদের সেবা দেয় এমন সংস্থাগুলোর ধারণা, এই সংখ্যা সাড়ে নয় হাজার থেকে ১৩ হাজার।
এইডস রোগীদের সেবায় যুক্ত সরকারি-বেসরকারি সংস্থার দায়িত্বশীল কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারের ন্যাশনাল এইডস/এসটিডি গ্রোগ্রামের (এনএএসপি) কর্মকর্তারা এইডস রোগীদের ওষুধ ও সেবা সরবরাহের কাজ আশার আলো সোসাইটি, মুক্ত আকাশ ও ক্যাপ নামের তিনটি বেসরকারি সংস্থাকে (এনজিও) সরাসরি দিয়ে দিয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এখন বলছে, দরপত্র আহ্বান না করে তিনটি সংস্থাকে সরাসরি কাজ দেওয়ায় সরকারের ক্রয় নীতিমালা ভেঙেছে এনএএসপি।
এইডস রোগীদের সংগঠন পিএলএইচআইভি বাংলাদেশ বলছে, সরকার ২০১২ সালে ঘোষণা করেছিল নির্দিষ্ট কয়েকটি হাসপাতালের মাধ্যমে এইডস রোগীদের ওষুধ ও চিকিৎসাসেবা দেওয়া হবে। ওই সিদ্ধান্তের পর উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলো তাদের কাজ গুটিয়ে নিয়েছে। এ বছরের ডিসেম্বরে জিএফএটিএমও (গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস, টিউবারকিউলোসিস অ্যান্ড ম্যালেরিয়া) বাংলাদেশ ছাড়ছে। কিন্তু এখন পর্যন্ত কোন কোন হাসপাতাল থেকে কীভাবে এই সেবা দেওয়া হবে সে সম্পর্কে সুস্পষ্ট কোনো ঘোষণা দেয়নি সরকার।
জানতে চাইলে এনএএসপির লাইন ডিরেক্টর হোসেন সারওয়ার খান প্রথম আলোকে বলেন, এইডস রোগীদের ওষুধ পেতে যেন কোনো সমস্যা না হয়, সে বিষয়ে সরকার উদ্যোগ নেবে। তিনি আক্রান্ত ব্যক্তিদের হতাশ না হতে পরামর্শ দিয়েছেন।
সমস্যা কোথায়: সরকারের ন্যাশনাল এইডস/এসটিডি প্রোগ্রাম ও উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৪ সাল থেকে ইউএসএআইডি/এফএইচআই, সেভ দ্য চিলড্রেন এবং সুইস রেডক্রসের সহযোগিতায় এইডস রোগীরা চিকিৎসা ও সেবা পেয়ে আসছিলেন। পরে এ সংস্থাগুলোর সঙ্গে যোগ হয় জিএফএটিএম।
২০১২ সালে স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাতে পাঁচ বছর মেয়ািদ কর্মসূচিতে (এইচপিএনএসডিপি) সরকার নিজেই এইডস রোগীদের ওষুধ ও সেবা দেওয়ার সিদ্ধান্ত নেয়। এইচপিএনএসডিপি বাস্তবায়নে সরকার বিশ্বব্যাংকের কাছ থেকে ঋণ নিচ্ছে। কর্মকর্তারা জানান, এনএএসপি ২০১৩-১৪ অর্থবছরে সরাসরি বেসরকারি সংস্থাকে ‘কম্প্রিহেনসিভ কেয়ার, সাপোর্ট অ্যান্ড ট্রিটমেন্ট’ দেওয়ার প্রস্তাব করলে স্বাস্থ্য মন্ত্রণালয় ২০১৩ সালের ২৯ আগস্ট এই প্রস্তাব অনুমোদন করে। সে অনুযায়ী আগেই কাজ করেছে এমন তিনটি প্রতিষ্ঠান আশার আলো সোসাইটি, মুক্ত আকাশ ও ক্যাপকে চূড়ান্ত অনুমোদন দেয় এনএএসপি। এর আগে তারা বেসরকারি সংস্থাগুলোর সঙ্গে চার দফা বৈঠকও করে। তিনটি প্রতিষ্ঠান ১৪ কোটি টাকার কাজ পায়। বিশ্বব্যাংকের অনাপত্তিসহ সব কাগজপত্র এনএএসপি ১৩ এপ্রিল মন্ত্রণালয়ে পাঠায়। এরপরই ক্রয়নীতি না মানার অভিযোগ তোলে মন্ত্রণালয়।
খোঁজ নিয়ে জানা গেছে, সরাসরি কোনো প্রতিষ্ঠানকে কাজ দিতে হলে একটি কমিটি গঠন করা হয়ে থাকে। ওই কমিটিতে বাস্তবায়নকারী মন্ত্রণালয়ের তিনজন ও বাইরের দুটি মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকেন। এনএএসপি এনজিও বাছাইয়ের সময় এ নিয়ম অনুসরণ করেনি। এনএএসপি এখন অন্য সংস্থাগুলোকে আপাতত কাজ চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত সচিব আইয়ূবুর রহমান বলেছেন, জটিলতা নিরসনের চেষ্টা চলছে।