ওষুধ, পরীক্ষার জন্য বাইরে পাঠানো হয়
জরুরি বিভাগে চিকিৎসা-উপকরণ পাওয়া যায় না। অনেক সময় বাইরে থেকে এসব কিনে আনতে হয়। হাসপাতালে ওষুধ সরবরাহ থাকলেও বেশির ভাগ সময় চিকিৎসকেরা বাইরে থেকেই ওষুধ কেনার পরামর্শ দেন। এমনকি পরীক্ষার জন্যও বাইরে পাঠানো হয়। অথচ পরীক্ষার ব্যবস্থা হাসপাতালেই রয়েছে।
এসব অভিযোগ বরিশাল জেনারেল হাসপাতালের বিরুদ্ধে। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এক মতবিনিময় সভায় সেবাগ্রহীতারা এসব অভিযোগ তুলে ধরেছেন।
গতকাল রোববার হাসপাতালের সম্মেলন কক্ষে এ সভা হয়। ‘চাই স্বাস্থ্য খাতে স্বচ্ছতা ও জবাবদিহি’ শীর্ষক এ সভার আয়োজক সচেতন নাগরিক কমিটি (সনাক)।
সনাক বরিশালের সভাপতি অধ্যাপক এম মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। স্বাগত বক্তব্য দেন সনাকের স্বাস্থ্যবিষয়ক উপকমিটির আহ্বায়ক সৈয়দ হাবিবুর রহমান।
এ ছাড়া বক্তব্য দেন স্বজনের সমন্বয়ক মো. সিরাজুল ইসলাম, সদস্য জীবনকৃষ্ণ দে, জাহানারা বেগম ও নার্স মমতাজ বেগম এবং সেবাগ্রহীতাদের মধ্যে সুলতানা রাজিয়া, কথা ইসলাম, আঁখি আক্তার, মুনিয়া পরভীন, শাহনাজ বেগম, জান্নাতুল ফেরদৌস, রাশিদা বেগম প্রমুখ। অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরে। তবে জরুরি ভিত্তিতে সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করে সর্বোচ্চ মানের সেবা দেওয়ারও অঙ্গীকার করেছে তারা।